নারীদের জন্য সবচেয়ে খারাপ মিশর
আরব বিশ্বে বর্তমান সময়ে নারীদের জন্য সবচেয়ে খারাপ দেশ মিশর। এমনটিই দেখা গেছে থম্পসন রয়টার্স ফাউন্ডেশনের এক জরিপে।
গবেষণায় দেখা গেছে, মিশরে নারীরা বেশি মাত্রায় যৌন হয়রানির শিকার হচ্ছে, নারীদের খতনার হার, নারীর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে।
এছাড়া, বৈষম্যমূলক আইন এবং নারী পাচারের ঘটনা বাড়ার কারণেও মিশর অন্যান্য আরব দেশগুলোর চেয়ে নারীর অধিকারের দিক থেকে তালিকায় সবচেয়ে নিম্নে স্থান পেয়েছে।
আর এদিক দিয়ে সবচেয়ে শীর্ষ স্থানটি দখল করেছে কমোরো দ্বীপপুঞ্জ। সেখানে ২০ শতাংশ নারী মন্ত্রীপদে অধিষ্ঠিত। তাছাড়া, বিবাহ বিচ্ছেদের পর সেখানে নারীরা জমি ও বাড়ির মালিকানাও ভোগ করে থাকে।
সিরিয়াসহ আরব লিগের ২১ টি দেশের ৩৩০ জন লিঙ্গ বিশেষজ্ঞ এ জরিপ চালিয়েছেন।
২০১১ সালে আরব দেশগুলোতে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ার পর নারীর অধিকার নিয়ে এটি থম্পসন রয়টার্স ফাউন্ডেশনের তৃতীয় বার্ষিক জরিপ।
নারীদের জন্য সবচে প্রতিকূল দেশ হিসাবে মিশরের পর দ্বিতীয় অবস্থানে আছে ইরাক। এরপর আছে যথাক্রমে সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেন।
ওদিকে, শীর্ষস্থানে থাকা কমোরোর পর রয়েছে ওমান, কুয়েত, জর্ডান এবং কাতার।
