২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘৮০ জনকে প্রকাশ্যে হত্যা করেছে উত্তর কোরিয়া’

চলতি মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া ৮০ জনকে জনসম্মুখে হত্যা করেছে, যাদের বেশির ভাগের অপরাধ ছিলো তারা চোরাই পথে দক্ষিণ কোরিয়ার টেলিভিশন অনুষ্ঠান দেখছিল।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 03:28 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

দক্ষিণ কোরিয়ার একটি পত্রিকা সোমবার এ খবর প্রকাশ করে বলে এনডিটিভি জানিয়েছে।

যদিও তথ্যের উৎস সম্পর্কে তারা কিছু জানায়নি। তবে উত্তর কোরিয়ার অন্তত একটি বিদ্রোহী দল জানিয়েছে, তারা এরকম একটি গুঞ্জন শুনেছে। আর এর ওপর ভিত্তি করেই পত্রিকাটি তাদের প্রথম পাতায় এক খবর প্রকাশ করেছে।

বিদ্রোহীদের সূত্র জানায়, ৩ নভেম্বর সাতটি শহরে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সূত্র আরো জানায়, ওনসান বন্দরের পূর্বাঞ্চলে ফায়ারিং স্কোয়াডে আটজনকে হত্যার দৃশ্য দেখানোর জন্য কর্তৃপক্ষ একটি খেলার মাঠে দশ হাজার লোককে জড় করেছিলো।

যাদের হত্যা করা হয়েছে তাদের অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ ছিলো তারা অবৈধভাবে দক্ষিণ কোরিয়ার টেলিভিশন নাটক দেখেছে। কয়েকজনের বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগও ছিলো।

তবে সিউলভিত্তিক অনলাইন সংবাদ সংস্থা ডেইলি এনকে যেটা উত্তর কোরিয়ার বিদ্রোহীদের দ্বারা পরিচালিত তারা জানায়, তাদের কাছে এই হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য নেই।

যদিও বিদ্রোহীদের দ্বারা পরিচালিত অনলাইন ভিত্তিক আরেকটি সংবাদ সংস্থা জানায়, কয়েক মাস আগে তাদের সূত্র জানিয়েছিলো জনসম্মুখে হত্যাকাণ্ড ঘটানোর একটি পরিকল্পনা করা হয়েছে।

তাদের একজন কর্মকর্তা জানান, “জনগণের মনোভাবের সম্ভাব্য পরিবর্তন নিয়ে অবশ্যই উত্তর কোরিয়া সরকার ভয়ের মধ্যে আছে। তাই তারা আগেভাগেই জনগণের মনে ভীতি ধরে রাখার চেষ্টা করছে।“

বিদেশি বিশেষ করে দক্ষিণ কোরিয়ার সিনেমা বা টেলিভিশন অনুষ্ঠান অবৈধভাবে দেখা উত্তর কোরিয়ায় গুরুতর অপরাধ বলে গণ্য হয়।