‘শিয়া-সুন্নি সহিংসতা বিশ্বের নিরাপত্তায় সবচে বড় হুমকি’
শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বিশ্ব নিরাপত্তায় সম্ভাব্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
সুন্নি প্রধান কিছু দেশকে ‘ভীতির উস্কানিদানকারী’ হিসেবে বর্ণনা করে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, “কিছু কিছু মানুষ আপাতদৃষ্টিতে রাজনৈতিক সুবিধা লাভের আশায় সাম্প্রদায়িক সহিংসতাকে সমর্থন করে।“
“সুন্নি এবং শিয়াদের মধ্যে চলমান দ্বন্দ্ব শুধমাত্র ওইসব অঞ্চলের জন্যই সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি নয় বরং এটা সারা বিশ্বের জন্য বড় হুমকি। আমার মনে হয় আমাদের এটা উপলব্ধি করা প্রয়োজন যে, ইসলামিক বিশ্বে সাম্প্রদায়িক বিভাজন আমাদের সবার জন্যই হুমকির।“
বর্তমানে সিরিয়া, ইরাক এবং পাকিস্তানের মতো দেশগুলোকে সাম্প্রদায়িক নৃশংসতার বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।
দীর্ঘ কয়েক শতক ধরে শিয়া এবং সুন্নি মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন দুঃশ্চিন্তার কারণ হয়ে রয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে ইরাককে এ জন্য বেশ ভুগতে হচ্ছে। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী ইরাক আক্রমণের পর থেকে দেশটিতে শিয়া-সুন্নিদের সাম্প্রদায়িক দাঙ্গা সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে।
এ বছর এখন পর্যন্ত এ ধরণের দাঙ্গা ইরাকের ছয় হাজার পাঁচশ’ জন বেসামরিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ২০০৮ সালের পর এবছরই এর কারণে এতো মানুষকে প্রাণ দিতে হলো।
এদিকে সিরিয়ার গৃহযুদ্ধ সাম্প্রদায়িক দাঙ্গার কারণে শুরু না হলেও এটা এখন ধীরে ধীরে সে দিকেই মোড় নিচ্ছে।
সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও সাম্প্রদায়িকতার আগুনকে উসকে দেয়ার জন্য জারিফ আরবের সুন্নি নেতাদের দায়ী করেছেন।
তিনি বলেন, “ভীতির উস্কানি দেয়ার কারবার এখন প্রচলিত কারবারে পরিণত হয়েছে”।
“কারোরই সাম্প্রদায়িক নৃশংসতাকে সমর্থন করা উচিত নয়। আমাদের এটা থেকে নিজেদের মুক্ত করতে হবে এবং এটা বন্ধ করতে হবে। সকলের নিরাপত্তার জন্য আমাদের অবশ্যই এই বিভেদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে,“ বলেন জারিফ।
যদিও সৌদি আরবসহ আরো কিছু দেশের অভিযোগ ইরানই সাম্প্রদায়িক উত্তেজনাকে বাড়িয়ে দিচ্ছে।
মূলত উভয়পক্ষই এর ক্ষতিকর দিক বুঝতে পারছে। কিন্তু কেউই এই ভয়াবহ হত্যাযজ্ঞ বন্ধে এগিয়ে আসছে না।
