২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভায় চুক্তি হয়নি, পরবর্তী বৈঠক ২০ নভেম্বর

সুইজারল্যান্ডের জেনেভায় বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ইরান এবং ছয় বিশ্বশক্তির মধ্যকার আলোচনা ব্যর্থ হয়েছে। দু’পক্ষ কোনো চুক্তিতে পৌঁছতে পারেনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 04:14 PM

Updated : 25 Apr 2022, 07:30 PM

তবে অংশগ্রহণকারীরা আগামী ২০ নভেম্বর আবার বিষয়টি নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের(ইইউ)পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন এক সংবাদ সম্মেলনে বলেন, বৈঠকে বাস্তবিক কিছু অগ্রগতি হয়েছে। কিন্তু কিছু বিভক্তি রয়ে গেছে। ফলে পরবর্তী দফায় আরেকটি বৈঠক করা হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ অবশ্য জেনেভা বৈঠকের ফলাফল নিয়ে হতাশা প্রকাশ করেননি। আলোচনায় অনেক বিষয়েই মতৈক্য হয়েছে এবং এ সূত্র ধরে আরো আগ্রগতি হওয়া সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় এ বৈঠক গত বৃহস্পতিবার শুরু হয় এবং শুক্রবার তা শেষ হওয়ার কথা থাকলেও একদিন বাড়িয়ে শনিবার পর্যন্ত করা হয়। তবে শেষ পর্যন্ত তা শনিবার মধ্যরাত অতিক্রম করে রোববার ভোররাত পর্যন্ত গড়ায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, “এ আলোচনার মধ্য দিয়ে আমরা যে আগের চেয়ে অনেক কাছাকাছি অবস্থানে পৌঁছেছি এ ব্যাপারে প্রশ্নের কোনো অবকাশ নেই”।

পশ্চিমাদের সন্দেহ, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে ইরান তাদের এ কর্মসূচিকে বরাবরই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বলে দাবি করে আসছে।

ছয় বিশ্বশক্তি ইরানকে যে প্রস্তাব দিচ্ছে তা মেনে নিলে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় সামান্য ছাড়ের বিনিময়ে পরমাণু কর্মসূচি অবিলম্বে বন্ধ করতে হবে।

কিন্তু ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি রোববার বলেছেন, “তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পরমাণু কর্মসূচি চালানোর অধিকার পরিহার করবে না”।

বৈঠকের আলোচনায় প্রতিনিধিরা প্রথম দিকে ভাল অগ্রগতি হওয়ার কথা জানালেও কয়েকটি কূটনৈতিক সূত্র জানায়, ফ্রান্স ইরানের ব্যাপারে কঠোর পদক্ষেপ দাবি করেছে।

উভয়পক্ষে শেষ পর্যন্ত কিছু বিষয় নিয়ে মতানৈক্য এবং প্রশ্ন রয়ে যাওয়ায় ৩ দিনের আলোচনা কোনো চুক্তি ছাড়া শেষ হয়।