২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বো যাচ্ছেন না মনমোহন

কমনওয়েলভূক্ত দেশগুলোর প্রধানদের আসন্ন কলম্বো সম্মেলনে অংশ নেবেন না ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার স্থলে পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের নেতৃত্বে ভারতীয় দল কলম্বো সফরে যাবে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2013, 03:20 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

রোববার এ খবর জানিয়েছে ভারতীয় এনডিটিভি।

আগামী সপ্তাহে শ্রীলংকার রাজধানী কলম্বোতে কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি শ্রীলংকার সরকার দেশটির তালিম জনগোষ্ঠির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হযেছে।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য কংগ্রেসের শীর্ষ নেতারা আলোচনায় বসার একদিন পর ভারতীয় প্রধানমন্ত্রীর কলম্বো সফর বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে মনমোহন সিং ছাড়াও দলের সভাপতি সোনিয়া গান্ধি এবং কংগ্রেস দলীয় জ্যেষ্ঠ মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

এ বৈঠকের আগে তামিলদের বিরুদ্ধে শ্রীলঙ্কা সরকারের যুদ্ধপরাধে জড়ানোর প্রতিবাদের তামিলনাড়ু থেকে আগত কংগ্রেসের মন্ত্রী পি চিদাম্বারম, জয়ন্তী নটরাজন, জিকে ভাসান এবং ভি নারায়ানাস্বামী প্রধানমন্ত্রী মনমোহনকে শ্রীলংকা সফর বয়কট করার আহ্বান জানিয়েছিলেন।

এনডিটিভি জানিয়েছে, সম্মেলনে অংশ নেয়ার ক্ষেত্রে অপারগতার কথা জানিয়ে মনমোহন শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দ্রা রাজাপাকসেকে চিঠি লিখেছেন।

মনমোহনের কলম্বো না যাওয়ার সিদ্ধান্তে তামিলনাড়ুর রাজনৈতিক দল দ্রাভিদা মুন্নেত্রা কাঝাগাম (ডিএমকে) এর সভাপতি এম করুনানিধি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটা আমাদের জন্য কিছুটা স্বস্তির যে অন্তত প্রধানমন্ত্রী আমাদের দাবিকে সম্মান জানিয়েছেন এবং সম্মেলনে অংশ নেয়ার জন্য শ্রীলংকা যাচ্ছে না।“

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজ দেশের জনগণের চাপ এবং বৈদেশিক নীতির মধ্যে সমঝোতা করতে হচ্ছে ভারতীয় কংগ্রেসকে। কংগ্রেস বা মনমোহন সিং কারো পক্ষেই নির্বাচনের আগেভাগে তামিলনাড়ুর নেতাদের মতামত এবং সেখানকার জনগণের অনুভূতিকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।