মমতার পোস্টার ছিঁড়লে হাত কেটে নেয়ার হুমকি
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পোস্টার নষ্ট করার চেষ্টা করলে কংগ্রেস কর্মীদের হাত কেটে নেয়া হবে বলে হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এক নেতা।
তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রাতা মন্ডল বলেন, “যদি তোমরা (কংগ্রেসের কর্মীরা) তৃণমূলের সমর্থকদের গায়ে হাত তোলো, পতাকা ছেঁড়ো এবং আমাদের দলের ও মমতা বন্দোপাধ্যায়ের পোস্টার নষ্ট কর তবে আমাদের সমর্থকরা তোমাদের কব্জি কেটে নেবে।“
পশ্চিমবঙ্গের বুরধান জেলার কাতওয়া এলাকায় এক জনসভা তিনি এ কথা বলেন বলে এনডিটিভি জানিয়েছে।
মন্ডলের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলো মমতার সরকারের কঠোর সমালোচনা করে।
সিপিএম নেতা বিমান বোস বলেন, “মমতা বন্দোপাধ্যায় তার নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন তিনি পরিবর্তন চান। তারা প্রতিশোধ নেবেন না। কিন্তু সরকার গঠনের পর তারা বামপন্থীদের ওপর বিশেষ করে সিপিএম এর ওপর প্রতিশোধ নিতে শুরু করে।“
বিজেপির সমিক ভট্টাচার্য বলেন, “এটাতে আমরা একদমই অবাক হইনি। তাদের মন্ত্রীদের স্বভাবই এভাবে কথা বলা। জনগণ একটি ‘পরিবর্তন’ চেয়েছিল। তারা সেটা পেয়েছে। দেখুন কি হচ্ছে। একজনের কর্তৃত্বের বদলে অন্যজন কর্তৃত্ব পেয়েছে।“
পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা রাজ্যের নির্বাচন কমিশনের কাছে মন্ডলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আবেদন জানিয়েছেন।
সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনের সময় করা মন্ডলের বক্তব্যও ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। সেবার তিনি তার দলের সমর্থকদের বলেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্রপ্রার্থীদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে এবং পুলিশ যদি ওইসব প্রার্থীদের উদ্ধারের চেষ্টা করে তবে পুলিশের ওপর বোমা হামলা করতে।
