২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবার প্রতি নমনীয় হচ্ছেন ওবামা

কিউবার প্রতি যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আনার সময় সম্ভবত এসে গেছে বলে মনে করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে কিউবার ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 09 Nov 2013, 04:17 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

মিয়ামিতে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে ওবামা বলেন, “আমাদের সৃষ্টিশীল হতে হবে, আমাদের চিন্তাশীল হতে হবে এবং আমাদের নীতিকে সবসময় গতিশীল রাখতে হবে।“

“মনে রাখতে হবে যখন ফিদেল ক্যাস্ট্রো ক্ষমতায় আসেন তখন আমি মাত্র জন্মগ্রহণ করেছি। ১৯৬১ সালে একটি দেশের জন্য আমরা যে নীতি গ্রহণ করেছিলাম আজ এই ইন্টারনেট, গুগল এবং বিশ্বভ্রমণের যুগে এসেও সেই একই নীতি কার্যকর আছে যেটা বুদ্ধিমত্তার পরিচয় নয়।“

যুক্তরাষ্ট্রের কিউবা নীতিতে ক্রমবর্ধমান পরিবর্তনের ফলে দেশটির জনগণের সঙ্গে যোগাযোগ এবং রেমিটেন্স আদান-প্রদানে চমৎকার পরিবর্তন আসবে বলে মনে করেন ওবামা।

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিশ্বে ব্যাপকভাবে বিতর্কিত এবং জাতিসংঘ অক্টোবরে এর নিন্দা জানিয়ে ২২তম বারের মত ভোট দেয়।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ বলেন, অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে কোথাও নিষেধাজ্ঞা আরোপ করে রাখা ‘ভীষণ নিষ্ঠুরতা’।
ওবামা বলেন, ক্ষমতা গ্রহণের আগে থেকেই তিনি চাইতেন যেন যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে দীর্ঘদিন ধরে চলা প্রতিকূল সম্পর্কের উন্নতি হয়। কিন্তু তার এই চেষ্টা কিউবা সরকারের কারণে সাফল্যের মুখ দেখতে পারেনি।

হোয়াইট হাউজের কূটনীতিকরা বলেন, যেখানে যুক্তরাষ্ট্র কিউবার সাম্প্রতিক কিছু পরিবর্তনকে স্বাগত জানিয়েছে সেখানে কিউবা এখনো বিশ্বের সবচয়ে বেশি নিয়ন্ত্রিত অর্থনীতির একটি দেশ হিসেবে রয়ে গেছে।

এরপরও দুই দেশ পরস্পরের দিকে এগিয়ে যেতে ছোট কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে সরাসরি মেইল আদান-প্রদানের বিষয়টি পুনরায় চালু করার জন্য দুই দেশের কূটনীতিকরা সেপ্টেম্বরে আলোচনায় বসেছিলেন। ১৯৬৩ সাল থেকে দুই দেশের মধ্যে সরাসরি মেইল আদান-প্রদান বন্ধ রয়েছে।

অভিবাসন নিয়ে ২০০৯ সালে শুরু হওয়া আলোচনাসহ বেশকিছু বিষয়ে কিউবার সঙ্গে পুনরায় আলোচনা শুরু করেছেন ওবামা।

মাটির নিচ দিয়ে ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপনের সময় যুক্তরাষ্ট্রের কন্ট্রাকটর অ্যালান গ্রসকে গ্রেপ্তার করে কিউবা। ২০০১ সালে বিচারে তার ১৫ বছরের কারাদণ্ড হয়। ওই ঘটনার পর অভিবাসন নিয়ে দুই দেশের আলোচনা ভেঙ্গে পড়েছিল।