জেনেভা আলোচনায় চুক্তির সম্ভাবনা
ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির দু’দিনব্যাপী আলোচনায় পরমাণু কর্মসূচি নিয়ে উভয়পক্ষের দীর্ঘপ্রতীক্ষিত চুক্তি হতে চলেছে বলে আশা করা হচ্ছে। আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা অনির্ধারিত সফরে জেনেভা পৌঁছানোয় এ সম্ভাবনা জেগে উঠেছে।
তবে কি ধরনের চুক্তি হতে পারে তা এখনো স্পষ্ট নয়। এ ব্যাপারে বিস্তারিত কিছুও এখনো জানা যায়নি। তবে ইরান নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিছুটা বন্ধ করতে পারে বলে আশা করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেছিলেন, শুক্রবার দু’দিনব্যাপী আলোচনা শেষ হওয়ার দিনে দু’পক্ষ একটি সমঝোতায় পৌঁছাতে পারে।
ইরান এর আগে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না বলে জানালেও আস্থা সৃষ্টি বা সমঝোতায় পৌঁছার স্বার্থে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমাতে পারে বলে মনে করা হচ্ছে।
