২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিন আলোচনা শুরুর আহ্বান কেরির

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরায়েল ও ফিলিস্তিনি নেতাদের সঙ্গে দেখা করে থেমে থাকা শান্তি আলোচনা আবার শুরুর আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2013, 10:07 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

বুধবার তেল আবিব সফরকালে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করে তাকে নতুন করে আলোচনা শুরুর আহ্বান জানান।

ওদিকে, অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করে কেরি বলেন, “যে কোনো আলোচনাতেই কিছু হেরফের, অগ্রগতি কিংবা অচলাবস্থা থাকবেই। কিন্তু শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি এবং প্রেসিডেন্ট বারাক ওবামা কেউই পিছপা হব না- একথা হলফ করে বলতে পারি।”

এর আগে জেরুজালেমের কাছে কেরির সঙ্গে বৈঠককালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করে বলেন, তিনি বৈঠকের সফলতা নিয়ে উদ্বিগ্ন। কারণ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ‘কৃত্রিম সংকট ও উত্তেজনা’ সৃষ্টি করছে। তারাই শান্তি আলোচনা থেকে সরে যাচ্ছে।

তাছাড়া, ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ নিরসনে দ্বিরাষ্ট্রীক সমাধান নিয়ে আলোচনা এ পর্যন্ত কোনো অগ্রগতি বয়ে আনতে ব্যর্থ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ওদিকে, ফিলিস্তিনিরা অধিকৃত পশ্চিম তীরে সম্প্রতি ইসরায়েলের নতুন ৩৫০০ ইহুদি বাড়ি নির্মাণের অনুমতিকে শান্তি আলোচনায় সফলতার পথে বড় ধরনের বাধা হিসাবে দেখছে।

কিন্তু কেরি বেথলেহেম সফরকালে আশা প্রকাশ করে বলেছেন, সব প্রতিকূলতা সত্ত্বেও ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুজনই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে দৃঢ়প্রতিজ্ঞ বলেই যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।