সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৬
সিরিয়ার রাজধানী দামেস্কসহ আরেকটি শহরে পৃথক দুটি বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছে।
দামেস্কের কেন্দ্রস্থলে বোমা বিস্ফোরণে নিহত হয় ৮ নিরাপত্তা কর্মকর্তা। আর দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা শহরের সামরিক গোয়েন্দা সদরদপ্তরে বিরল গাড়িবোমা হামলায় নিহত হয় আরো ৮ জন।
সিরিয়ার রাষ্ট্রীয় সানা বার্তা সংস্থা একথা জানায়।
‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ সুয়েইদায় গাড়িবোমা বিস্ফোরণে বেশকিছু সংখ্যক মানুষ হতাহত হওয়ার কথা জানিয়েছে।
অবজারভেটরির প্রধান রমি আব্দুলরহমান বলেন, সুয়েইদার আঞ্চলিক বিমান বাহিনীর গোয়েন্দা সদরদপ্তরে বোমা হামলায় নিহতদের একজন কর্নেল। বোমা বিস্ফোরণের পর সেখানে সংঘর্ষ শুরু হয়েছে।
সানা বার্তা সংস্থা সুয়েইদার বোমা হামলাকে সন্ত্রাসীদের গাড়িবোমা হামলা আখ্যা দিয়েছে এবং এতে ৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছে।
অন্যদিকে, রাজধানী দামেস্কের প্রাণকেন্দ্র হেজাজ স্কয়ারে বোমা বিস্ফোরণে অন্তত ৫০ জন আহত হওয়ার কথা জানিয়েছে সানা।
