যুক্তরাষ্ট্রে শপিং মলে গুলি
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি শপিং মলের ভেতরে এক ব্যক্তির ফাঁকা গুলি চালানোর পর পুলিশ মলটি দখল করে সেখানে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে।
সোমবার শপিং মলটি বন্ধ হওয়ার আগ মুহূর্তে এই ঘটনা ঘটে।
নিউ জার্সির পারামুস শহরের মেয়র রিচার্ড লাবারবেরা সাংবাদিকদের বলেন, একবার গুলি হওয়ার শব্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গার্ডেন স্টেট প্লাজা মলে ওই সময় কয়েক হাজার মানুষ কেনাকাটা করছিল, ডিনার সারছিল এবং সিনেমা দেখছিল।
লাবারবেরা বলেন, “সবাই নিরাপদে আছে। তবে যে গুলি করেছে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই তদন্তকারীদের ধারণা।“
টেলিভিশনে দেখা যায়, নিউ ইয়র্ক সিটি থেকে ২০ মাইল উত্তরপশ্চিমে অবস্থিত মলটিতে প্রচুর পুলিশ অবস্থান নিয়েছে।
সিএনএনকে এক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারী একটি নিরাপত্তা ক্যামেরায় গুলি করে।
মাত্র মাস দুয়েক আগেই আল-কায়দা সংশ্লিষ্ট একটি জঙ্গি দল নাইরোবির একটি মলে আক্রমণ করে ৬৭ জনকে হত্যা করে।
পারামুস পুলিশের গোয়েন্দা কর্মকর্তা র্যা চেল মরগান বলেন, “মলের অনেক দোকান এখনো তালাবদ্ধ। কর্মচারী এবং ক্রেতাদের সরিয়ে নিতে পুলিশ এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছে।“
নাজি ওয়াটার্স নামে ১৯ বছর বয়সী এক বিক্রয়কর্মী জানান, তিনি দুইটি গুলির শব্দ পেয়েছেন।
“এটা ছিলো উদ্বেগজনক এবং অবশ্যই বিশৃঙ্খলাপূর্ণ।“
এদিকে একটি দোকানে পালিয়ে থাকা একজন নারী রয়টার্সকে জানান, তিনি পাঁচটি গুলির শব্দ পেয়েছেন।
পারামুস শহরের পাঁচটি বড় শপিংমলের একটি দ্য গার্ডেন স্টেট প্লাজা মল। এর মালিক অস্ট্রেলিয়ার ওয়েস্টফিল্ড গ্রুপ।
