মঙ্গলে যাচ্ছে ভারত
এশিয়ার প্রথম প্রতিনিধি হিসেবে মঙ্গল গ্রহে যাচ্ছে ভারতীয় রকেট। দেশটির অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা শ্রীহরিকোটার বাল্মি মহাশূন্য বন্দর থেকে উৎক্ষেপণ করা হবে মঙ্গলযান।
মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ২টা ৩৮ মিনিটে লাল গ্রহের উদ্দেশ্যে রকেটটি যাত্রা শরু করবে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (আইএসআরও) বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
মঙ্গলবার সকালে আইএসআরও বলেছে, “কাউন্টডাউন ঠিকমতো এগিয়ে চলছে। আবহাওয়াও স্বাভাবিক আছে। কিছুটা মেঘ আছে তবে তা কোনো সমস্যা নয়।”
রকেটের জ্বালানি ভরা হয়েছে এবং সবকিছু ঠিক আছে কিনা তা শেষবারের মতো পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রায় এক হাজার বিজ্ঞানী রকেটটির উৎক্ষেপণ নিয়ে কাজ করছেন। উৎক্ষেপণের সবকিছু ঠিকঠাক রাখতে এবং সময়মতো উৎক্ষেপণ করার জন্য সোমবার সারারাত তারা কাজ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।
২৮ অক্টোবরেই এ মহাকাশযান পাঠানোর কথা ছিল। কিন্তু প্রশান্ত মহাসাগরে বিরূপ আবহাওয়ার কারণে অভিযান পিছিয়ে দেয়া হয়।
মানুষবিহীন মঙ্গলযান নির্মাণে ৪শ’ ৫০ কোটি ভারতীয় রুপি ব্যয় করা হয়েছে।
উৎক্ষেপণের পর এটি পৃথিবীকে কয়েকবার প্রদক্ষিণ করে নিজ গ্রহ ছেড়ে মঙ্গলের উদ্দেশে পাড়ি জমাবে। মঙ্গলের পথে ৭৮ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৯ মাসে এটি লাল গ্রহটির কাছে পৌঁছবে।
