লাল মসজিদ হত্যা মামলায় মুশাররফের জামিন
ইসলামাবাদের লাল মসজিদে ২০০৭ সালে সামরিক অভিযান চালিয়ে ধর্মীয় নেতা আব্দুল রশীদ গাজিকে হত্যা মামলায় সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে জামিন মঞ্জুর করেছে পাকিস্তানের আদালত।
জামিনের শর্তানুযায়ী, মুশাররফকে মোট ২ হাজার ডলারের দুটো বন্ড জমা দিতে হবে।
বিবিসি সংবাদদাতারা বলছেন, এ মামলায় জামিন পাওয়া মধ্য দিয়ে মুশাররফ তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলাতেই জামিন পেয়ে গেলেন। এতে করে গৃহবন্দিত্ব থেকে তার মুক্তি পাওয়ার পথ আরো প্রশস্ত হল।
কিন্তু মুশাররফ সরকারের নজরবন্দি থাকার কারণে দেশ ছাড়তে পারবেন না বলেই মনে করা হচ্ছে।
সোমবার মুশাররফের জামিন মঞ্জুর হওয়ার পর আদালতের বাইরে দাঁড়িয়ে তার আইনজীবী বলেন, পাকিস্তান ছাড়ার কোনো অভিপ্রায় নেই মুশাররফের।
২০০৭ সালে মুশাররফের নির্দেশে ইসলামাবাদের লাল মসজিদে চালানো সামরিক অভিযানে আব্দুল রশীদ ছাড়াও ১শ’ জন নিহত হয়। এরপর থেকে পাকিস্তানে জঙ্ড়ি তৎপরতা বেড়ে যায়।
৪ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে এ বছরের শুরুর দিকে পাকিস্তানে ফেরেন মুশাররফ। তার বিরুদ্ধে আনা সব অভিযোগকেই তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।
