২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেহসুদকে অনুপযুক্ত সময়ে হত্যা করা হয়েছে’

পাকিস্তানি তালেবান গোষ্ঠীর প্রধান হাকিমুল্লাহ মেহসুদের হত্যাকাণ্ডের সময়কে ‘অনুপযুক্ত’ বলে অভিহিত করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 02:58 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধি দল আফগানিস্তানে সফরে আসলে রোববার তাদের উদ্দেশ্যে কারজাই এ কথা বলেন বলে এক বিবৃতির বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে।

তবে এ ঘটনায় শান্তি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে না বলে কারজাই আশা প্রকাশ করেন।

শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় পাকিস্তানের তেহরিক-ই-তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন।

এই ড্রোন হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, এ অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্যোগে এই হামলা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের উভয় দেশের সদিচ্ছা এবং সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

ড্রোন হামলার সমালোচনা করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নাসির বলেন, এই দেশে (পাকিস্তান) শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করতে এটি একটি অন্তর্ঘাতমূলক হামলা।

শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদকে রাতের আঁধারেই গোপনে কবর দেয়া হয়। এরপর নতুন দলীয় প্রধানকেও বেছে নেয় আল-কায়েদা সমর্থিত এ নিষিদ্ধ দলটি।

পাকিস্তানি তালেবানের মুখপাত্র আজম তারিক বলেন, “হাকিমুল্লাহর রক্তের প্রতিটি ফোঁটা থেকে একজন করে আত্মঘাতী বোমা হামলাকারী জন্ম নেবে।

২০০৯ সালে পাকিস্তানি তালেবানের প্রধানের দায়িত্ব নেন হাকিমুল্লাহ মেহসুদ। তার সন্ধান পেতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াইরত এই গোষ্ঠীর আগের দুই প্রধানও ড্রোন হামলায় নিহত হয়েছিলেন।