বিচারের মুখে মুরসি
২০১১ সালে মিশরের প্রেসিডেন্ট হিসেবে হোসনি মুবারকের শেষ দিনগুলোতে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি জেল ভেঙ্গে পালিয়েছিলেন। তখন তিনি ঘুণাক্ষরেও ভাবেননি কয়েক বছর না গড়াতেই আবার তাকে এই জেলেই ফিরতে হবে।
ওই ঘটনার প্রায় তিন বছর পর সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি সোমবার থেকে ফের বিচারের মুখোমুখি হয়েছেন।
অভিযোগ প্রমাণিত হলে বাকী জীবন তাকে কারাগারেই কাটাতে হতে পারে, অথবা আরো বিপর্যয়কর কোনো শাস্তি মেনে নিতে হতে পারে।
মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর মিশরের ইতিহাসে প্রথম অবাধ গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ব্রাদারহুড প্রার্থী মুরসি। প্রেসিডেন্ট হিসেবে তার এক বছরের ক্ষমতাকালে মিশরে অনুষ্ঠিত সব পর্যায়ের নির্বাচনে জয়ী হয়েছিল মুসলিম ব্রাদারহুড প্রার্থীরা।
প্রেসিডেন্ট হিসেবে মুরসির জয়ে মিশরের ক্ষমতায় সেনাবাহিনী থেকে আসা লোকজনের আধিপত্যের ঐতিহ্য ভেঙে গিয়েছিল। ১৯৫২ সালে রাজতন্ত্র উচ্ছেদের পর থেকেই মিশরের ক্ষমতায় শুরু হয়েছিল সেনা ঐতিহ্যের ধারাবাহিকতা।
কিন্তু মুরসির পর্বকে মিশরের প্রাচীন সম্রাট ফারাওয়ের একচ্ছত্র ক্ষমতার শাসনের সঙ্গে তুলনা করা হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি।
মধ্যপন্থী ইসলামি এজেন্ডার আলোকে মিশরে নতুন একটি গণতান্ত্রিক ধারা শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুরসি। একনায়কতান্ত্রিক শাসনের বদলে স্বচ্ছ, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল শক্তিশালী একটি আরব রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মুরসি।
“ইসলামিক ভিত্তির ওপর মিশরীয় রেনেসাঁসের” কথা বলেছিলেন তিনি।
কিন্তু প্রেসিডেন্ট হিসেবে বছর পার করার আগেই তার বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার, ব্রাদারহুডের সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিভঙ্গী রাষ্ট্রের ওপর চাপিয়ে দেয়ার ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। তবে সব অভিযোগ তিনি অস্বীকার করেন।
ব্রাদারহুডের জাস্টিস এন্ড ফ্রিডম পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে জয়ী হলেও অনেকটা আকস্মিকভাবে পার্টির প্রার্থী হয়েছিলেন কৃষকের সন্তান মুরসি। পার্টির পছন্দের প্রার্থী ছিলেন কোটিপতি ব্যবসায়ী খাইরাত আর সাত্তার।
কিন্তু মনোনয়ন দাথিলের সময় নির্বাচনী বিধি অনুযায়ী সাত্তার অযোগ্য ঘোষিত হলে তার বদলে মুরসিকে দাঁড় করিয়ে দেয়া হয়।
ক্ষমতায় থাকাকালে অনেকগুলো ভুলের মধ্যে মুরসি মিশরের রাজনীতিতে সবচেয়ে বড় ভুলটি করেছিলেন সেনাবাহিনীকে দূরে ঠেলে দিয়ে। ধার্মিক, এই একটি বিষয়কে বিবেচনা করে জেনারেল আব্দেল ফাত্তা আল সিসিকে মিশরের সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন মুরসি। এই সিসিই তাকে ক্ষমতাচ্যুত করেন।
সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ ও রক্তপাতের মুখে বিরোধীদের সঙ্গে আপস করার জন্য মুরসির ওপর চাপ সৃষ্টি করেছিলেন সিসি। কিন্তু প্রধানত মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য ইসলামিক দলগুলোর ওপর নির্ভর করে সিসিকে অগ্রাহ্য করেন মুরসি।
এরই মধ্যে মিশরের রাজপথে ‘তামরুদ’ বা ‘বিদ্রোহ’ নামে সরকার পতনের একদফা আন্দোলন শুরু করে দেশটির তরুণরা। তাদের এ আন্দোলনে সাড়া দিয়ে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে।
সরকারবিরোধী এই উত্তাল আন্দোলনের মধ্যে ৩ জুলাই রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে মুরসি শাসনের অবসান ঘোষণা করে নির্বাচনের পরিকল্পনা তুলে ধরেন সেনাপ্রধান সিসি।
প্রেসিডেন্ট ভবন ছাড়তে অনিচ্ছুক মুরসিকে ধরে নিয়ে অজ্ঞাত স্থানে আটক রাখে সেনাবাহিনী। মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে কঠোর দমননীতি চালানো হয়।
ইসলামপন্থী গোষ্ঠীটির সব শীর্ষ নেতাকে কারাগারে আটক করা হয়। আর রাস্তায় প্রতিবাদরত গোষ্ঠীটির শত শত সদস্যকে গুলি করে মারা হয়।
মিশরের বর্তমান সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার মুবারক আমলের মতোই লৌহমুষ্টি শাসন ফিরিয়ে আনছে, কারো কারো মনে এমন শঙ্কা জাগলেও অধিকাংশ মিশরীয় সিসিকে সমর্থন দিচ্ছে।
ক্ষমতাচ্যুত সাবেক ‘ফারাও’ প্রেসিডেন্ট মুবারকের বিচার যে পুলিশ একাডেমিতে স্থাপিত আদালতে অনুষ্ঠিত হচ্ছে, প্রায় ‘ফারাও’ হয়ে ওঠা মুরসিকেও সেই একই আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে।
