২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের শান্তি প্রচেষ্টা ভেস্তে গেছে: নিসার

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পাকিস্তান তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ায় জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সরকারের শান্তি আলোচনার প্রচেষ্টা ভেস্তে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরি নিসার আলি খান। হামলাটিকে ‘অন্তর্ঘাতমূলক’ বলে অভিহিত করেছেন তিনি।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

শুক্রবার রাতে পাকিস্তানের জিও টেলিভিশনকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় হাকিমুল্লাহ পাঁচ সহযোগীসহ নিহত হন। ওই ড্রোন হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে চায়না রেডিও ইন্টারন্যাশনালের প্রকাশিত প্রতিবেদনে দাবী করা হয়েছে।

পাকিস্তান সরকারের শান্তি আলোচনার উদ্যেগকে ভেস্তে দিতে যুক্তরাষ্ট্র এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন চৌধুরি নিসার।

তিনি জানিয়েছেন, শনিবার তিন সদস্যের সরকারি এক মধ্যস্থতাকারী দলকে তালেবানের সঙ্গে প্রাথমিক আলোচনার জন্য পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু ড্রোন হামলার জন্যে পরিকল্পনাটি বাদ দিতে হয়েছে।

শুক্রবার রাতে নিজ দলীয় অন্যান্য নেতাদের সঙ্গে ড্রোন হামলায় পাকিস্তান তালেবানের নেতা হাকিমুল্লাহ নিহত হওয়া বিষয়টি নিয়ে আলোচনা করেন।

দলীয় নেতাদের সঙ্গে আলোচনায়, এ হামলার ফলে জঙ্গিদের সঙ্গে পাকিস্তান সরকারের আলোচনার উদ্যেগ বাধাগ্রস্থ হতে পারে, এমন সম্ভবনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন বলে প্রাকাশিত সংবাদ সূত্রে জানা গেছে।

তবে পাকিস্তান সরকারের মুখপাত্রের এমন প্রতিক্রিয়া সত্বেও কোনো কোনো বিশ্লেষকের ধারণা, হাকিমুল্লাহ নিহত হওয়ায় জঙ্গিদের কোনো কোনো গোষ্ঠির সঙ্গে পাকিস্তান সরকারের সরাসরি আলোচনার পরিবেশ আরো উন্মুক্ত হয়েছ।

এক্ষেত্রে পাকিস্তানি তালেবানের একটি গোষ্ঠির নেতা খান সাইদ সাজনা’র নাম উঠে এসেছে। তিনি পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার পক্ষপাতী ড্রোন হামলায় নিহত তালেবান নেতা ওয়ালিউর রহমানের উত্তরাধীকারী। হাকিমুল্লাহ নিহত হওয়ার পর সাজনা পাকিস্তান তালেবানের পরবর্তী প্রধান হবেন বলে ধারণা করা হচ্ছে।