২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাইলামার বক্তব্যের প্রচার বন্ধ করতে চায় চীন

চীনের সরকার চাইছে ইন্টারনেট, টেলিভিশন বা অন্য কোনো মাধ্যমে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাইলামার কোনো ধরনের বক্তব্য যেন কেউ জানতে না পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Nov 2013, 03:40 PM

Updated : 23 Aug 2022, 07:12 PM

দেশটির একজন শীর্ষ কর্মকর্তা জানান, চীন চেষ্টা করছে দেশটির বাইরে কোথাও থেকে দালাইলামা বা তার নির্বাসিত সরকার সম্পর্কে সম্প্রচারিত কোনকিছু যেন তিব্বতের অধিবাসীরা শুনতে বা দেখতে না পারে। এমনকি ইন্টারনেটে কোন খবরও পেতে না পারে।

যদিও তিব্বতের অনেকেই অবৈধ টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে বা ইন্টারনেটে চীন সরকারের আরোপ করা নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙ্গে এ সংক্রান্ত খবর পাচ্ছে। চরম ঝুঁকি মাথায় নিয়েও দালাইলামার ছবি এবং তার প্রচারিত শিক্ষা তিব্বতের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

বর্তমান কমিউনিস্ট পার্টির প্রভাবশালী জার্নাল কিউশিতে শনিবার প্রকাশিত এক লেখায় তিব্বত পার্টির প্রধান চ্যান কিউয়াংউ বলেন, শুধুমাত্র নিজেদের বক্তব্যটি শুনতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারবে সরকার।

অবৈধ স্যাটেলাইট ডিস থেকে সম্প্রচার বন্ধ করা, অনলাইন ব্যবস্থার ওপর নজরদারি বৃদ্ধি এবং টেলিফোন ও ইন্টারনেট ব্যবহারকারীরা রেজিস্ট্রেশন করার সময় প্রকৃত নাম ব্যবহার করছেন কিনা সেটা নিশ্চিত করার মাধ্যমে সরকার এটা অর্জন করতে পারবে বলে জানান তিনি।

চীন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দালাইলামাকে ‘ভেড়ার চামড়ায় নেকড়ে’ হিসেবে বর্ণনা করে বলে, তিব্বতকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য তিনি নৃশংসতার পথ বেছে নিয়েছেন।

১৯৫৯ সালে একটি ব্যর্থ আন্দোলনের পর ভারতে পালিয়ে যাওয়া দালাইলামা বলেন, তিব্বতে তিনি শুধুমাত্র প্রকৃত স্বায়ত্তশাসন চান। সেই সঙ্গে নৃশংসতাকে উসকে দেয়ার অভিযোগও অস্বীকার করে আসছেন তিনি।

দীর্ঘদিন ধরে তিব্বতে কঠোর শাসন নীতি চালাচ্ছে চীন। ফলে ওই অঞ্চলের জনগণ চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ বছর তিব্বতের অধিবাসীরা আত্মঘাতী হওয়ার পথ বেছে নিয়েছে, যা এই অঞ্চল নিয়ে চীনের উদ্বেগ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে।