হ্যাক হয়েছিল প্রিন্স হ্যারির ভয়েসমেইল
হ্যাকিং কেলেঙ্কারি: হ্যাক হয়েছিল প্রিন্স হ্যারির ভয়েসমেইল
যুক্তরাজ্যে ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ এর ফোন হ্যাকিং কেলেঙ্কারির ঘটনায় হ্যাক করা হয়েছিল প্রিন্স হ্যারির একটি ভয়েসমেইল বার্তা।
ওল্ড বেইলিতে ফোন হ্যাকিং মামলার শুনানি চলাকালে জুরিবোর্ডকে দেখানো হয়েছে হ্যাক করা বার্তার একটি অনুলিপি।
প্রিন্স হ্যারি রাজকীয় সানধার্স্ট সামরিক একডেমিতে থাকার সময় তার এক সহযোগীর কাছে একটি নিবন্ধের ব্যাপারে সাহায্য চেয়ে ওই বার্তা দিয়েছিলেন।
নিউজ অব দ্য ওয়ার্ল্ডের এক সময়কার প্রতিবেদক ক্লি গুডম্যানের কাছ থেকে সম্প্রতি এ সংক্রান্ত নথি পাওয়া যায় বলে আদালতকে জানান কৌসুলি এন্ড্রু এডিস।
২০০৭ সালে ফোন হ্যাকিং এর কারণে গুডম্যানকে জেলে যেতে হয়েছিল।
তার কাছ থেকে পাওয়া একাধিক নথির প্রথমটিতেই মোবাইল ফোনে প্রিন্স হ্যারির ভয়েসমেইল বার্তার অনুলিপি দেখা গেছে।
ঘটনাটি ২০০৫ সালের।ওই সময় ১৯৮০ সালে লন্ডনে ইরানের দূতাবাস অবরোধ নিয়ে একটি নিবন্ধ লেখার জন্য তথ্য সহায়তা চেয়ে তার প্রাইভেট সেক্রেটারি জামি লোদার-পিনকারটোনকে ফোন করেছিলেন হ্যারি।
ফোন হ্যাকিং নিয়ে কেলেঙ্কারি এবং তোলপাড়ের মুখে ২০১১ সালের জুলাইয়ে বন্ধ হয়ে যায় ১৬৮ বছরের পুরোনো ট্যাবলয়েড পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড।
