সিরিয়ায় রাসায়নিক অস্ত্র তৈরির যন্ত্রপাতি ধ্বংস
সিরিয়া রাসায়নিক অস্ত্র তৈরির সব যন্ত্রপাতি ধ্বংস করেছে।এর মধ্য দিয়ে দেশটি নিরস্ত্রীকরণ কর্মসূচির প্রথম সময়সীমা পূরণ করল।
আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠন ওপিসিডব্লিউ এক দলিলে একথা বলেছে।
সংগঠনটি জানায়, অস্ত্রপরিদর্শকদল সিরিয়াজুড়ে ২৩ টি রাসায়নিক অস্ত্রভান্ডারের মধ্যে ২১ টি পরিদর্শন করেছে।
অন্য দুটি অস্ত্রভান্ডার পরিদর্শন করা বিপজ্জনক। তবে রাসায়নিক যন্ত্রপাতি অন্য জায়গায় হস্তান্তর করা হয়েছে। বিশেষজ্ঞরা সেসব জায়গা পরিদর্শন করেছেন।
ওপিসিডব্লিউ এ সমস্ত যন্ত্রপাতি ধ্বংস করতে দেখেছে এবং এ প্রক্রিয়া যাচাই করে সন্তোষ প্রকাশ করেছে।
২৩ টি স্থানের সবগুলোতেই বিপজ্জনক সব যন্ত্রপাতি ছিল বলে জানানো হয়েছে দলিলে।
সিরিয়ার সরকারি বাহিনী বেসামরিক নাগরিক অধুষ্যিত এলাকাগুলোতে রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অস্ত্র পরিদর্র্শকদেরকে দেশটিতে পাঠানো হয়।
ওই অস্ত্র হামলায় শত শত মানুষ নিহত হয়। সরকার রাসায়নিক অস্ত্র হামলার অভিযোগ অস্বীকার করেছে এবং এর জন্য বিদ্রোহীদের দায়ী করেছে।
রাসায়নিক অস্ত্র ব্যবহারকে কেন্দ্র করে সিরিয়ায় ওয়াশিংটনের হামলা চালানোর হুমকির পর যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার চুক্তির আওতায় দেশটিতে রাসায়নিক অস্ত্র ধ্বংস প্রক্রিয়া শুরু হয়।
রাসায়নিক অস্ত্র তৈরির যন্ত্রপাতিগুলো ধ্বংস হওয়ায় এখন রাসায়নিক অস্ত্রগুলো ধ্বংসের জন্য সিরিয়া সময় পাচ্ছে ২০১৪ সালের মাঝামাঝি পর্যন্ত।
সিরিয়ার অসংখ্য স্থানে ১ হাজার টনেরও বেশি নার্ভ গ্যাস সারিন, ব্লিস্টার এজেন্ট সালফার মাস্টার্ড ও অন্যান্য নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র মজুদ আছে বলে ধারণা করা হয়।
ওপিসিডব্লিউর মাঠ পর্যায়ের অভিযানের প্রধান জেরি স্মিথ বিবিসি কে বলেন, “আমরা ব্যক্তিগতভাবে রাসায়নিক যন্ত্রপাতি ধ্বংসের সব কার্যক্রম দেখেছি”।
