ভারতে গ্রামবাসীদের সহিংসতায় নিহত ৩
ভারতের উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে গ্রাসবাসীদের মধ্যে নৃশংসতায় তিন জন নিহত হয়েছেন। সেপ্টেম্বরে ওই অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল।
বুধবার বিকালের ওই নৃশংসতাকে কয়েকটি সংবাদ মাধ্যম ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে বর্ণনা করেছে বলে বিবিসি জানিয়েছে।
যদিও মুজাফফরনগর পুলিশের সুপেরিন্টেনডেন্ট হরি নারায়ন সিংহ বিবিসিকে বলেন, ‘পরিবারিক ঝগড়াঝাটির’ জের ধরে ওই নৃশংসতার সূত্রপাত হয়েছে।
স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা কুশল রাজ সংবাদ সংস্থা পিটিআইকে জানান, “মুহাম্মদপুররাইসিংহ গ্রামে স্থানীয় মুসলিম ও হিন্দুদের মধ্যে সংঘর্ষে তিনজন মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।“
একজন তরুণীকে হয়রানি করার সূত্র ধরে এই ঘটনার সূত্রপাত হওয়ার পর নৃশংসতার শিকার হওয়ার ভয়ে ওই এলাকার হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলেও জানান তিনি।
৭ সেপ্টেম্বর মুজাফফরনগর শহরে হিন্দু-মুসলিম দাঙ্গায় ৬০ জনের বেশি মানুষ নিহত হন। গত এক দশকের মধ্যে এটাই ছিল ভারতের সবচেয়ে ভয়াবহ দাঙ্গা।
১৯৯২ সালে এই উত্তর প্রদেশেই উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদ ভেঙ্গে ফেলে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু-মুসলমানদের মধ্যে বড় ধরনের দাঙ্গা হয়।
অনেকের ধারণা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশটির অনেক রাজনৈতিক দল উসকানিমূলক কথাবার্তা বলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করছে।
