২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে ভারতীয় ভাইস-প্রেসিডেন্টের সাক্ষাৎ

কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে ভারতের ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি সাক্ষাৎ করেছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2013, 02:21 PM

Updated : 25 Apr 2022, 07:27 PM

বুধবার কিউবায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের বরাত দিয়ে দ্য ডন এ খবর জানায়।

ভারতীয় রাষ্ট্রদূত চিন্তাপাল্লাই রাজশেখর সংবাদিকদের বলেন, “এটি ছিল খু্বই উষ্ণ এবং সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ।”

৮৭ বছর বয়সী সমাজতান্ত্রিক আইকন ক্যাস্ত্রোর সঙ্গে হামিদ আনসারির বৈঠকের পর তিনি এ কথা বলেন।

দীর্ঘ প্রায় ৫০ বছর কিউবাকে নেতৃত্ব দেয়ার পর ২০০৬ সালে স্বাস্থ্যগত কারণে ফিদেল তার ছোটভাই ৮২ বছর বয়সী রাউল ক্যাস্ত্রোর হাতে ক্ষমতা অর্পন করে অবসরে যান।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া ফিদেলের সঙ্গে সাক্ষাৎ করার পর থেকে আর কোনো বিদেশি কর্মকর্তাকে সাক্ষাৎ দেননি ফিদেল। এরপর ৩০ অক্টোবর হামিদ আনসারিকে সাক্ষাৎ দেন তিনি।

ভারতীয় রাষ্ট্রদূত বলেন, আনসারি হাভানা সফরকালে কিংবদন্তি এই সমাজতান্ত্রিক নেতার প্রতি তার ব্যক্তিগত সম্মান জানানোর ইচ্ছা প্রকাশ করেন। কিউবার বর্তমান ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের সঙ্গেও আনসারি সাক্ষাৎ করেছেন।

কিউবার উত্তর উপকূলে সমুদ্রের নিচে তেল অনুসন্ধানে ভারত বিনিয়োগ করেছে। কিউবায় ভারতের একমাত্র বিনিয়োগ এটাই।

কিউবা দেশটিতে ভবিষ্যতের বিপ্লব সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাব্য তেলসম্পদ খুঁজে উত্তোলণের ব্যাপারে মরিয়া হয়ে উঠেছে।

বর্তমানে দেশটি প্রতিদিন ১ লাখ ব্যারেল তেল আমদানি করে। দেশটির ঘনিষ্টমিত্র ভেনেজুয়েলা কিউবাকে এই তেলের ব্যাপারে বিশেষ সুবিধা দিয়ে থাকে।

ভেনেজুয়েলা যদি কখনো জ্বালানি শক্তি ও অর্থনৈতিক এই সুবিধা কিউবাকে দেয়া বন্ধ করে দেয় তবে দেশটি অর্থনৈতিকভাবে গভীর খাদে নিমজ্জিত হবে।

আর যদি গুরুত্বপূর্ণ কোনো তেলক্ষেত্র দেশটি খুঁজে পায় তবে দারিদ্র থেকে রাতারাতি তেল রপ্তানিকারকে পরিণত হতে পারবে।

কিছু জরিপে অনুমান করা হয় কিউবার উপকূলে সমুদ্রের নিচে পাঁচ থেকে নয় বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মজুদ থাকতে পারে।

কিন্তু হাভানার কর্মকর্তারা জানিয়েছেন, এই মজুদ ২০ বিলিয়ন ব্যারেল হবে বলে তাদের বিশ্বাস করার যথেষ্ঠ কারণ রয়েছে।