পিছিয়ে যেতে পারে সিরিয়া শান্তি আলোচনা
সিরিয়ার বিরোধী-জোটের ভূমিকা নিয়ে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে মতবিরোধের কারণে পিছিয়ে যেতে পারে আগামী মাসে জেনেভায় অনুষ্ঠেয় সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা। আরব ও পশ্চিমা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
সিরিয়ায় আড়াইবছরের গৃহযুদ্ধ অবসানে একটি রাজনৈতিক সমাধান খুঁজে পেতে অনুষ্ঠেয় জেনেভা সম্মেলনের আয়োজন করেছে আন্তর্জাতিক শক্তিধর দেশগুলো।
এ আলোচনায় সিরিয়ার প্রধান ন্যাশনাল কোয়ালিশন ষ্পষ্ট কোনো অবস্থান না নেয়ার কারণেও সম্মেলনে বিলম্ব হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে জানান কর্মকর্তারা।
আলোচনার প্রস্তুতিপর্বের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বৈঠক হলে পরে এ ব্যাপারে একটি ষ্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে যে সব লক্সণ দেখা যাচ্ছে তাতে ২৩ নভেম্বরে জেনেভা সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্য পূরণ করা কঠিন।”
পশ্চিমা সমর্থিত সিরিয়ার বিরোধী জোটের ভূমিকা নিয়েই মূলত মতবিরোধ সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
