মুসলিম ব্রাদারহুডর জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার
মুসলিম ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতা ইসাম এল-এরিয়ানকে আটক করেছে মিশরের কর্তৃপক্ষ। মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে মিশরীয় সেনা সমর্থিত সরকারের চালানো দমন অভিযানের ধারাবাহিকতায় তাকে আটক করা হলো।
বুধবার মিশর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র এরিয়ানের গ্রেপ্তারের খবরটি জানিয়েছে।
মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির দ্বিতীয় শীর্ষ নেতা এরিয়ান। তাকে নতুন কায়রোর একটি বাসা থেকে আটক করা হয়। বাসাটিতে আত্মগোপন করে ছিলেন তিনি।
“হ্যা, তাকে আটক করা হয়েছে এবং শীগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে,” বার্তাসংস্থা রয়টার্সকে বলেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র।
মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমইএনএ এরিয়ানের গ্রেপ্তারের খবর প্রচার করলেও বিস্তারিত কিছু জানায়নি।
স্থানীয় সংবাদ মাধ্যমে, একটি বিছানার পাশে দুটি বোঝাই ব্যাগ নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকা এরিয়ানের একটি ছবি ছাপিয়ে, গ্রেপ্তারের সময় তোলা বলে দাবী করা হয়েছে।
ব্যাপক গণআন্দলনের মুখে ৩ জুলাই মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী।
মুরসিকে ক্ষমতাচ্যুত করার বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ শুরু হলে ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করে এর নেতাদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করা হয়।
দলটির গ্রেপ্তারকৃত নেতাদের বিরুদ্ধে নৃশংসতা চালানো ও হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়।
মুরসির ক্ষমতাচ্যুতির পর মিশরজুড়ে সৃষ্ট সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় এক হাজার মানুষ নিহত হয়। ১৪ অগাস্ট মুরসিকে পুনরায় ক্ষমতায় বহাল করার দাবীতে স্থাপিত দুটি প্রতিবাদ শিবিরে পুলিশি অভিযানে মুরসি সমর্থক কয়েকশ’ মুসলিম ব্রাদারহুড সদস্য নিহত হন।
