২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বাসে আগুন, ৪৪ জনের মৃত্যু

ভারতের হায়দ্রাবাদে একটি বিলাসবহুল বাসে আগুন লেগে অন্তত ৪৪ যাত্রীর মৃত্যু হয়েছে। বাসটি বেঙ্গালোর থেকে হায়দারাবাদ যাচ্ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2013, 10:40 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

ভারতীয় পুলিশের কোথাকোটা সার্কেল ইনস্পেক্টর এস ভেঙ্কটেশভারলুর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হায়দ্রাবাদ থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে মাহবুবনগরে এ ঘটনা ঘটে।

৪৯ জন যাত্রী নিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ভলভো বাসটি বেঙ্গালোর থেকে রওয়ানা হয়েছিল। ভোরে কোথাকোটা এলাকার পালেম গ্রামের কাছে বাসটি দুর্ঘটনায় পড়ে। এ সময় যাত্রীদের প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় কমকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাসের জ্বালানির ট্যাংক বিস্ফোরিত হওয়ার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাসের জানাল বন্ধ থাকায় হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ আর বাস থেকে বের হতে পারেননি।

শুধু বাস চালক, বাসের ক্লিনার ও পাঁচজন যাত্রী বাসটি থেকে বের হতে পেরেছেন।

মাহাবুবনগর জেলার কালেক্টর এম গিরিজা শংকর জানান, আগুনে দগ্ধ পাঁচ আরোহীকে বাণবার্তির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বাসের চালক ও তার এক সহকারীও রয়েছেন।

অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে বলে বাসটির চালক পুলিশকে জানিয়েছেন। এ সময় জ্বালানী ট্যাংকটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন এক তদন্তকারী।

বাসের দরজা বন্ধের স্বংয়ক্রিয় ব্যবস্থার কারণে বাসটি থেকে যাত্রীরা বের হতে পারেননি বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।