আরো ২৬ ফিলিস্তিনি বন্দি মুক্ত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত শান্তি আলোচনার পরিবেশ ধরে রাখতে ঘোষিত ১০৪ জনের মধ্যে দ্বিতীয় ধাপে আরো ২৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর আগে প্রথম ধাপে অপর ২৬ জনকে বন্দিকে মুক্তি দিয়েছিল দেশটি।
বুধবার দিনের প্রথম প্রহরে ইসরায়েলের অফার কারাগার থেকে এসব বন্দিকে মুক্তি দেয়া হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের পাঁচজনকে গাজা ভূখণ্ডে মুক্তি দিয়ে ও অপর ২১ জনকে পশ্চিম তীরে পাঠানো হয়। কারাগার থেকে তাদের যথাক্রমে গাজা সীমান্তের ইরেজ ক্রসিং ও পশ্চিম তীরের বৈইতুনা ক্রসিং দিয়ে নিজ ভূখণ্ডে পাঠিয়ে দেয়া হয়।
পশ্চিম তীর থেকে বিবিসি’র প্রতিনিধি জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত বন্দিদের রাজনৈতিক বন্দি হিসেবে দেখা হচ্ছে এবং দেশের জন্য কারাবরণ করায় এদের বীর হিসেবে গণ্য করা হচ্ছে। তবে সাধারণ ইসরায়েলি জনতা ফিলিস্তিনিদের এ মনোভাবকে ভালোভাবে গ্রহণ করতে পারছে না।
একটি গাড়ি বহরে মুক্তিপ্রাপ্ত পাঁচ বন্দি গাজায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে গাজার আকাশে ব্যাপক আঁতশবাজি পোড়ানো হয়। অপরদিকে পশ্চিম তীরে মুক্তিপ্রাপ্ত বন্দিদের রামাল্লায় নিয়ে যাওয়া হয়। সেখানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিপুল সংখ্যাক হর্ষোৎফুল্ল ফিলিস্তিনির উপস্থিতিতে বন্দিদের বরণ করে নেন।
এরপর উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট আব্বাস।
ভাষণে তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে পরবর্তী ধাপের বন্দিদের মুক্তি দেয়া হবে। এ সময় ইসরায়েলি কারাগারে বন্দি সব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার আহ্বান জানান আব্বাস।
তিনি বলেন, “সব বন্দিকে মুক্তি না দেয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা করা হবে না।”
রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে এসব বন্দিকে মুক্তি দেয়ার কথা জানানো হয়েছিল।
এসব বন্দিরা ১৯ থেকে ২৮ বছর ধরে কারা অন্তরালে ছিলেন। এসব বন্দিদের মধ্যে ২১ জনকে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ও বাকী পাঁচেজনকে গাজা ভূখণ্ড থেকে আটক করা হয়েছিল।
অগাস্টে মোট ১শ’ চারজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছিল ইসরায়েল। ঘোষণানুযায়ী প্রথম পর্যায়ে ২৬ জন বন্দিকে মুক্তি দিয়েছিল দেশটি।
প্রস্তাবিত ফিলিস্তিনি রাষ্ট্রের ভূখণ্ডে দখলদার ইসরায়েলের বসতি নির্মাণের প্রতিবাদে প্রায় তিন বছর আগে দুপক্ষের মধ্যে শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের উদ্যেগে দুপক্ষের বিভিন্ন শর্তে অগাস্ট থেকে আবার শান্তি আলোচনা শুরু হয়েছে।
