২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন গুপ্তচরবৃত্তির অভিযোগ তদন্ত করছে স্পেন

স্পেনে কোটি কোটি নাগরিকের ওপর যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রাথমিকভাবে খতিয়ে দেখতে শুরু করেছেন দেশটির সরকারি কৌসুলি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Oct 2013, 12:38 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এক মাসে স্পেনের ছয় কোটি ফোন কলের ওপর গোপনে নজরদারি করেছে বলে সোমবার দেশটির ‘এল পাইস’ এবং ‘এল মুন্দো’ পত্রিকা খবর প্রকাশ করে।
এরপরই স্পেনের এটর্নি জেনারেল এদুয়ার্দো টোরেস-ডুলস বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করার প্রক্রিয়া শুরুর অনুমোদন দেন বলে তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

স্পেনের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির প্রতিবাদে সোমবার মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে মাদ্রিদ।

এর আগে ফ্রান্স এবং জার্মানিতেও একই ধরনের মার্কিন গুপ্তচরবৃত্তির খবর পাওয়া যায়। বিষয়টি নিয়ে ওয়াশিংটন ও এর ইউরোপীয় মিত্রদের মধ্যে বিরল কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল গার্সিয়া-মারগাল্লো বলেন, গুপ্তচরবৃত্তির খবর সত্য হলে দুই দেশের মধ্যে “আস্থার পরিবেশ নষ্ট হবে”।

স্পেনের এল পাইস এবং এল মুন্দো পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ১০ ডিসেম্বর ২০১২ থেকে ৮ জানুয়ারি ২০১৩ পর্যন্ত এনএসএ স্পেনের নাগরিকদের কয়েক মিলিয়ন ফোনকল, ক্ষুদেবার্তা এবং ই-মেইলের ওপর নজর রেখেছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির তথ্য ফাঁস করে সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের সরবরাহ করা নথির ওপর ভিত্তি করেই তারা এই প্রতিবেদনটি প্রকাশ করে।