২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় ব্যাংকের ভ্যান থেকে ৫৪ মিলিয়ন ডলার লুট

লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ বহনকারী একটি ভ্যানে হামলা চালিয়ে ৫৪ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ লুট করে নিয়ে গেছে বন্দুকধারীরা। লুট করা অর্থের মধ্যে লিবিয়ার স্থানীয় মুদ্রা ও বিদেশি মুদ্রা রয়েছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2013, 11:50 AM

Updated : 23 Aug 2022, 07:11 PM

সোমবার লিবিয়ার সির্তে শহরে এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।

এই অর্থ ৫শ’ কিলোমিটার দূরের রাজধানী ত্রিপোলির কেন্দ্রীয় ব্যাংক থেকে বিমান যোগে পাঠানো হয়েছিল। বিমানবন্দর থেকে অর্থ বহনকারী ভ্যানটি সির্তে শহরে প্রবেশ করার পরপরই দশজন অস্ত্রধারী ভ্যানটির গতিরোধ করে।

ভ্যানটির সঙ্গে নিরাপত্তারক্ষীদের একটি গাড়ি থাকলেও ওই নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের প্রতিরোধ করতে ব্যর্থ হয়।

লুট হওয়া অর্থের মধ্যে ৫৩ মিলিয়ন লিবীয় দিনার এবং ১২ মিলিয়ন মার্কিন ডলার ও ইউরো ছিল।

গত জুলাইতেও সির্তের দুটি ব্যাংকে হামলা চালিয়ে ৫ লাখ লিবীয় দিনার লুট করেছিল ডাকাতরা।

এ ধরনের ডাকাতির ঘটনাকে পুরো লিবিয়ার জন্য বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন সির্তে কাউন্সিলের প্রধান আব্দেল ফাত্তা মোহাম্মদ।

২০১১ সালে নিহত সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছে।