উত্তর ইউরোপে ঝড়ের তাণ্ডবে নিহত ১৩
উত্তর-পূর্ব ইউরোপ জুড়ে বয়ে যাওয়া তীব্র ঝড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে জার্মানিতে ৬ জন নিহত হয়েছেন।
সোমবার সকালে প্রায় ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে ঝড়টি ফ্রান্সের ব্রিটনি ও নরম্যান্ডি এলাকায় আঘাত হানে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
এরপর জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডসহ উত্তর-পশ্চিম ইউরোপের কয়েকটি দেশের ওপর দিয়ে বয়ে যায়।
ইউরোপের উত্তর-পশ্চিম উপকূলের উত্তর সাগরে ঝড়ের বেগ ছিল ঘন্টায় ১৯১ কিমি (১১৯ মাইল/ঘন্টা)।
জার্মানির পশ্চিমাঞ্চলের গেলসেনক্রিচেন এলাকায় ঝড়ে গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে দুজন নিহত হন। এ সময় গাড়িতে থাকা দুটি শিশুও আহত হয়।
একই ধরনের ঘটনায় এই এলাকায় আরো দুজন নিহত হয়েছেন।
ফ্রান্সের পশ্চিমাঞ্চলের ব্রিটনিতে ঝড়ের কবলে পড়া এক নারী সাগরে ভেসে যান। নেদারল্যান্ডের রাজধানী আমস্টার্ডামে একটি খালের পাড়ে উপড়ে পড়া গাছের নীচে চাপা পড়ে এক নারী নিহত হন।
জার্মানির উপকূলীয় সাগরে আলাদা আলাদা ঘটনায় কয়েকজন জেলে ও নাবিক নিহত হয়েছেন।
ইংল্যান্ডের দক্ষিণপূর্ব এলাকা কেন্টে একটি ক্যারাভানের ওপর গাছ ভেঙে পড়লে ১৭ বছরের এক কিশোরী চাপা পড়ে নিহত হন।
পশ্চিম লন্ডনের হাউনস্লো এলাকায় গাছ উপড়ে যেয়ে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটলে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে একজন পুরুষ ও এক নারী নিহত হন।
ঝড়ের কারণে লন্ডন ও উত্তর-পশ্চিম জার্মানিতে অনেক ট্রেনের সূচী বাতিল করা হয়েছে। নেদারল্যান্ডের স্চিপহোল বিমানবন্দরে অন্তত ৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ঝড়ের কারণে জামার্নির হামবুর্গ ও ডুসেলডর্ফ বিমানবন্দরের বিমান চলাচলেও বিঘ্ন ঘটেছে।
ফ্রান্সে ৪২ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যুক্তরাজ্যে প্রায় ৬ লাখ বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও পরে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হয়।
ঝড়ের কারণে ইংলিশ চ্যানেলে চলাচলরত দুটি ফেরি বন্ধ রাখা হয়েছিল।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়টি আরো ঘনীভূত হয়ে উত্তর সাগর পাড়ি দিয়ে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর দিকে এগিয়ে যাচ্ছিল।
ঝড়ের পূর্বাভাস জানিয়ে ডেনমার্ক ও সুইডেনে সতর্কাবস্থা জারি করা হয়েছে।
