২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তচরবৃত্তি: মার্কিন রাষ্ট্রদূত তলব করেছে স্পেন

স্পেনের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এক মাসে স্পেনের ছয় কোটি ফোন কলের ওপর গোপনে নজরদারি করেছে বলে সোমবার দেশটির ‘এল পাইস’ এবং ‘এল মুন্দো’ পত্রিকায় যে খবর প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে তার ব্যাখ্যা দাবি করেছে স্পেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Oct 2013, 09:28 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

গুপ্তচরবৃত্তির এ খবর সত্য হলে মিত্রদেশের জন্য এ আচরণ মেনে নেয়া হবে অসম্ভব। এক বিবৃতিতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, আস্থার পরিবেশ বজায় রাখার গুরুত্ব সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে স্পেন।

সেইসঙ্গে নজরদারি কর্মসূচির পরিপূর্ণ ব্যাখ্যা পাওয়ার ইচ্ছার কথা জানিয়ে স্পেন বলেছে, দুই মিত্রদেশের মধ্যে এ ধরনের অভিযোগ সত্য হলে তা হবে ভুল কাজ। আর তা মেনেও নেয়া যাবে না।

যুক্তরাষ্ট্রকে এনএসএ’র কাছ থেকে আরো তথ্য-উপাত্তও দিতে বলেছে মাদ্রিদ।

স্পেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস কস্টোসকে ডেকে পাঠান দেশটির ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ইনিগো মেন্দেজ ডি ভিগো।

দুইজনের বৈঠকের পর ওই বিবৃতি দেয় স্পেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে সৃষ্ট সন্দেহের বিষয়টি পরিষ্কার করার অঙ্গীকার করেন রাষ্ট্রদূত জেমস।

এক বিবৃতিতে তিনি বলেন, “তারা যে উদ্বেগ প্রকাশ করেছে তা নিয়ে আমরা আমাদের নিয়মিত কূটনৈতিক চ্যানেলের মধ্য দিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। যেমন স্পেন”।

গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগ তুলে ধরতে ওয়াশিংটনের কর্মকর্তাদের সঙ্গে ইইউ এর একটি প্রতিনিধিদলের বৈঠক করার কথা রয়েছে।

নাগরিকদের স্বাধীনতা বিষয়ক ‘ইউরোপীয় পার্লামেন্ট কমিটি’সহ ‘জাস্টিস এন্ড হোম অ্যাফেয়ার্স’ এর প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে মনে করা হচ্ছে।

ইউরোপীয় দেশগুলোর নেতারাসহ নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের গোয়েন্দাগিরির সাম্প্রতিক অভিযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করাই হবে এর লক্ষ্য।