২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার তেল উৎপাদক অঞ্চল কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে

ইসলামপন্থী জঙ্গিদের কাছ থেকে ইরাক সীমান্তের একটি এলাকা দখলের পর উত্তরপূর্ব সিরিয়ার তেল উৎপাদক একটি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে কুর্দি বাহিনী।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Oct 2013, 03:07 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

সিরিয়ার বিরোধীদের সূত্র জানায়, যোদ্ধারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে জড়িত, যারা কয়েকদশক ধরে প্রতিবেশী তুরস্কের সঙ্গে যুদ্ধ করেছে।

সিরিয়ার বিরোধী ন্যাশনাল কোয়ালিশনের সদস্য ইয়াসির ফারহান বলেন, “কুর্দিরা বর্তমানে ইয়ারুবিয়া সীমান্ত নিয়ন্ত্রণে নিয়েছে। এখন তারা ওই অঞ্চলের তেল বাজারজাত করার জন্য পরিষ্কার রাস্তা পেয়েছে। ওই এলাকা থেকে কয়েক হাজার আরব পালিয়ে গেছে।“

হাসাকাহ প্রদেশের উত্তরপূর্ব অঞ্চলটি ইরাক ও তুরস্কের সীমান্ত, যেখানে ১০ লাখের ওপরে মানুষ বাস করে। তাদের ৭০ শতাংশ কুর্দি এবং ৩০ শতাংশ আরব।

সিরিয়ার বিরোধী দল তাদের বিবৃতিতে জানায়, কুর্দি বাহিনীর সঙ্গে একত্রিত হয়ে ইরাকের পদাতিক বাহিনী শনিবার ইয়ারুবিয়াতে আক্রমণ করে।

যদিও ইরাকের নিরাপত্তা বাহিনী ইয়ারুবিয়া দখলের অভিযানে যুক্ত থাকার কথা অস্বীকার করেছে।

কুর্দি যোদ্ধারা ইয়ারুবিয়া শহরের ৯০ শতাংশ দখল করে নিয়েছে। ভিডিওচিত্রে দেখা গেছে, কুর্দি যোদ্ধারা সীমান্তের একটি টাওয়ারে তাদের লোকদের জড় করছে এবং অন্যরা কুর্দিস্তানের জনগণকে রক্ষাকারী বাহিনীর পতাকা বহন করছে।

কুর্দি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইয়ারুবিয়া দখলের চারদিনের যুদ্ধে তাদের তিনজন সদস্য নিহত হয়েছেন।
ইসলামপন্থী জঙ্গিরা বোমা ব্যবহার করেছে এবং কুর্দি অঞ্চলে আত্মঘাতী বোমা হামলাকারী পাঠিয়েছে।