জাপানে ভূমিকম্পের পর জলোচ্ছ্বাস
জাপানের পূর্ব উপকূলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর এক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১০ মিনিটে উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।
ভূমিকম্পের পর বেশ কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
২০১১ সালে শক্তিশালী ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।
তবে পরে ফুকুশিমার এক মুখপাত্র বলেন, শনিবারের এ ভূমিকম্প ও জলোচ্ছ্বাসে তাদের কোনো ক্ষতি হয়নি।
২০১১ সালের ১১ মার্চের ওই ভূমিকম্প ও সুনামিতে জাপানের উত্তরপূর্ব উপকূলে ১৮ হাজারের বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়।
