২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অচিরেই বন্ধ হবে ড্রোন হামলা: নওয়াজকে আশ্বাস ওবামার

পাকিস্তানের আদিবাসী এলাকাগুলোতে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলা অচিরেই বন্ধ করা হবে বলে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 08:52 PM

Updated : 25 Apr 2022, 07:25 PM

পাক-মার্কিন যৌথ বিবৃতিতে ড্রোন হামলা নিয়ে কোনো কথা না থাকলেও যুক্তরাষ্ট্র সফরকালে নওয়াজ শরীফকে ব্যক্তিগতভাবে ওবামা এ আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক পাকিস্তানি কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক নওয়াজের সফরসঙ্গী পাকিস্তানের ওই কর্মকর্তা ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’কে বলেন, “নওয়াজের যুক্তরাষ্ট্র সফরে ড্রোন ইস্যুতে যথেষ্ট অগ্রগতি হয়েছে”।

“ওয়াশিংটন ড্রোন হামলা বন্ধ করে দেয়ার কথা ভাবছে।পাকিস্তানের আদিবাসী এলাকাগুলোর আরো কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর এ হামলা বন্ধ করে দেয়া হবে”।

তিনি জানান, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এরই মধ্যে ড্রোন হামলা চালিয়ে বেশিরভাগ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু নির্মূল করেছে বলে নওয়াজকে অবহিত করেছেন ওবামা।

এ কর্মকর্তা আরো জানান, ড্রোন হামলা বন্ধের ব্যাপারে ওবামা কোনো সময়সীমা নির্ধারণ না করলেও আগামী কয়েক মাসের মধ্যে তা বন্ধ হবে বলে আশা করছে ইসলামাবাদ।

আরেকটি সূত্র বলেছে, ওবামা প্রশাসন এরই মধ্যে পাকিস্তানের নতুন সরকারকে জানিয়েছে যে, ২০১৪ সালের পর থেকে আর ড্রোন হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

বুধবার হোয়াইট হাউজে ওবামার সঙ্গে সাক্ষাতের সময় নওয়াজ পাকিস্তানে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন।এ হামলা বন্ধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

যুক্তরাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তানে আল-কায়েদা’সহ সন্ত্রাসীদের টার্গেট করে ড্রোন হামলা চালানোর দাবি করে আসলেও এ সমস্ত হামলায় বেশিরভাগ ক্ষেত্রেই নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে বলে অভিযোগ রয়েছে।