২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে নারী-পুরুষের ব্যবধান কমেছে

বিশ্বের বেশির ভাগ দেশেই গত বছর নারী-পুরুষের ব্যবধান কিছুটা কমেছে। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 07:29 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

রাজনীতিতে অংশগ্রহণ, অর্থনৈতিক সমতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো অধিকারের ওপর ভিত্তি করে নারী-পুরুষের ব্যবধান কমানোর তালিকায় ১৩৬ টি দেশের শীর্ষে আছে আইসল্যান্ড, ফিনল্যান্ড ও নরওয়ে। আর সব শেষে আছে ইয়েমেন।

তবে কেবলমাত্র মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে গত বছর নারী-পুরুষের বৈষম্যমূলক অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

উন্নয়নশীল দেশগুলোর মধ্যে নারী-পুরুষ সমতার দিক দিয়ে এগিয়ে রয়েছে এশিয়ার ফিলিপাইন ও মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। দুটো দেশই শীর্ষ ১০ এর মধ্যে আছে।

গত আট বছর ধরে এ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে ডব্লিউইএফ।

টানা পঞ্চমবারের মতো নারী-পুরুষ সমতার তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে আইসল্যান্ড।

ডব্লিউইএফ এর ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট-২০১৩’ তে দেখা গেছে, টানা পঞ্চমবারের মতো তালিকায় স্থান করে নেয়া আইসল্যান্ড নারী-পুরুষ সমতার ক্ষেত্রে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা দেশ।

আইসল্যান্ড, ফিনল্যান্ডের পর তৃতীয় অবস্থানে আছে নরওয়ে এবং ৪র্থ অবস্থানে সুইডেন। এসব দেশে নারী-পুরুষের ব্যবধান ৮০ শতাংশের বেশি কমেছে।

তালিকায় ফিলিপাইন এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে।ফিলিপাইনের অবস্থান ৫। অর্থনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দেশটি নারী-পুরুষ ব্যবধান কমিয়ে এনেছে।

এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অবস্থা অত্যন্ত নাজুক।তালিকায় দেশটির অবস্থান ৬৯।

দশম স্থান অধিকার করে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে আছে নিকারাগুয়া।

বিশ্বের প্রধান অর্থনীতির দেশ জার্মানি ১৪ নাম্বারে এবং যুক্তরাজ্য আছে ১৮ নাম্বারে, কানাডার অবস্থান ২০ এবং যুক্তরাষ্ট্র ২৩।