গাছে ধরে সোনা!
গাছে টাকা ধরা নিয়ে অনেক গালগল্প আছে। এ নিয়ে হাস্যরসেরও অভাব নেই। কিন্তু গাছে সোনা ধরে এ কিন্তু আর রূপকথা নয়।
সম্প্রতি বিজ্ঞানীরা গাছে সোনা ধরে বলেই দাবি করেছেন।
নেচার কমিউনিকেশন্স সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে এ আবিষ্কারের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকরা।
প্রকাশিত নিবন্ধে তারা দাবি করেছেন, ইউক্যালিপ্টাস গাছের পাতায় সোনার অণু পেয়েছেন তারা। ওই গাছের নিচে মাটির গভীরে কোথাও সোনার খনি আছে বলে তারা ধারণা করছেন।
এই আবিষ্কারের ফলে খুঁজে পাওয়া যায়নি এমন সোনার খনিগুলো খুঁজে পেতে সহায়তা করবে বলে মনে করছেন এসব বিজ্ঞানী।
অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন (সিএসআইআরও) এর ভূরসায়নবিদ ড. মেল লিন্টার্ন বলেছেন, “অস্ট্রেলিয়া ও বিশ্বের অনেক জায়গায় আমরা এই সহজ সঞ্চয় খুঁজে পেয়েছি।”
“এখন আমরা নদীর পলির বহু মিটার গভীরে ও বালিয়াড়ির নিচের কঠিন সব জায়গায় সোনার সঞ্চয় খুঁজে পাওয়ার সহজ রাস্তা বের করার চেষ্টা করছি।”
“এ ব্যাপারে গাছেরা আমাদের পথ দেখাচ্ছে,” বলেন তিনি।
কয়েক ধরনের গাছের পাতা, শাখা ও বাকলে সোনা পেয়েছেন বিজ্ঞানীরা। তবে এসব থেকে প্রাপ্ত মূল্যবান ধাতুটির পরিমাণ নগণ্য।
এ বিষয়ে ড. লিন্টার্ন বলেন, “একটি সোনার খনির ওপর দাঁড়িয়ে থাকা ৫শ’ গাছ থেকে পাওয়া সোনা দিয়ে আমরা আঙ্গুলের একটি আংটি বানাতে পারবো।”
