২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি ‘শত্রু’ বিমান ভূপতিত করেছে ভেনেজুয়েলা

আকাশসীমা লঙ্ঘণের দায়ে দুটি হাল্কা বিমানকে গুলি করে ভূপতিত করা হয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলা। মাদক চোরাচালানের কাজে বিমান দুটি ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা দেশটির কর্তৃপক্ষের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 11:22 AM

Updated : 23 Aug 2022, 07:08 PM

শনিবার বিমান দুটিকে ভূপতিত করা হয়ে বলে ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।

ভেনেজুয়েলার বলিভারিয়ান সশস্ত্র বাহিনী জানিয়েছে, চলতি মাসের প্রথমদিকে অবৈধভাবে আকাশসীমা ব্যবহার করা বিমানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার একটি আইনের আলোকে এ পদক্ষেপ নেয়া হয়। ওই আইন চালু হওয়ার পর মধ্যআকাশে কোনো বিমানকে গুলি করার এটিই প্রথম ঘটনা।

অক্টোবরের প্রথম দিকে আকাশপথ ব্যবহার সংক্রান্ত ওই আইনটি পাশ হওয়ার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আন্তর্জাতিক মাদক চোরাচালানীদের হুমকি দিয়ে বলেছিলেন, “ভেনেজুয়েলার আকাশে কোনো বিমান প্রবেশ করলে তাকে শান্তিপূর্ণভাবে মাটিতে নামিয়ে আনা হবে।”

“এটি সম্ভব না হলে আমাদের সুখোই, এফ-১৬ জঙ্গি বিমান ও ভেনেজুয়েলা সেনাবাহিনীর সব ধরনের বিমানশক্তি ব্যবহার করে সেগুলোকে নামিয়ে আনা হবে।”

মধ্য আমেরিকা থেকে চোরাচালান হওয়া মাদক বহন করে বিমান দুটি ভেনেজুয়েলার আকাশে প্রবেশ করেছিল বলে ধারণা করা হচ্ছে। সেনা পাইলটরা তাদের আদেশ মানার নির্দেশ দিলেও বিমান দুটি তা অগ্রাহ্য করে।

ভেনেজুয়েলার কৌশলগত অভিযান কেন্দ্রের প্রধান জেনারেল ভ্লাদিমির পাদরিনো লোপেজ ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, “অন্য সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার সকালে একটি বিমানকে গুলি করা হয়।”

“জাতীয় আকাশপথ রক্ষায় সম্মিলিত পাহারা ও নিয়ন্ত্রণের আইন পাশ হওয়ার পর এই প্রথম মধ্য আকাশে একটি বিমানকে গুলি করা হল। আমাদের সর্বাধিনায়ক প্রেসিডেন্ট মাদুরোর নির্দেশ অনুযায়ীই এটি করা হয়েছে,” বলেন তিনি।

কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে আরেকটি বিমান ঘন জঙ্গলের একটি অবৈধ বিমানক্ষেত্রে নামার চেষ্টা করার সময় সেটিকেও গুলি করে নামানো হয় বলে জানিয়েছেন তিনি।


ভেনেজুয়েলার জাতীয় মাদকবিরোধী সংস্থার প্রধান আলেজান্দ্রো কেলেরিস বুকারিতো বলেছেন, “এরা মাদক চোরাচালনরত মাফিয়া গোষ্ঠী। এরা মাদক পাচারের কাজে আমাদের আকাশপথ ও দেশকে রুট হিসেবে ব্যবহার করতে চাচ্ছে।”

চলতি বছর এ পর্যন্ত ১১টি অবৈধ বিমানকে মাটিতে নামতে বাধ্য করেছে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ, আর এ সময়ে মোট ৩৫ টন মাদকদ্রব্য আটক করেছে।