২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বালিকা বিদ্যালয় বন্ধে হুমকি

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আরএ বাজারে অবস্থিত কেন্দ্রীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি বন্ধ করে দিতে বলেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 04:09 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

আর এ কথা অমান্য করা হলে টিটিপি বিদ্যালয়টি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে বলে দ্য ডন জানিয়েছে।

হাতে লেখা এক চিঠিতে এই হুমকি দেয় টিটিপি। ১০ অথবা ১১ অক্টোবর বিদ্যালয়ের একজন কর্মী বিদ্যালয় ভবনের সীমানায় চিঠিটি দেখতে পান। সম্ভবত চিঠিটি বাইরে থেকে ছুঁড়ে মারা হয়েছিল।
চিঠিটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বরাবর লেখা হয়েছে।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হুমকি পাওয়ার পর থেকে ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের চারিদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

স্টেশন কমান্ডার এবং ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার জন্য বিদ্যালয়ে গিয়েছিলেন বলেও জানানো হয়।

চিঠিতে লেখা “এটা টিটিপি’র আমির সাহেব আব্দুল ওয়ালির পক্ষ থেকে একটি বার্তা। বালিকা বিদ্যালয়টি বন্ধ করে দেয়া উচিত। স্রষ্টাকে ধন্যবাদ যে আমরা আমাদের প্রতিটি বোমা হামলায় সাফল্য পেয়েছি এবং ভবিষ্যতেও সাফল্য পাব। আমরা যে কোনো সময়ে বোমা হামলা করতে পারি।“
হুমকির ঘটনার পর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী বিদ্যালয় কর্তৃপক্ষকে দেয়া এক চিঠিতে বিদ্যালয়ের চারপাশের বিক্রেতা এবং অধিগ্রহণ করে বানানো অন্যান্য স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেন।

ঈদুল আযহা উপলক্ষ্যে শহরটির সব শিক্ষা প্রতিষ্ঠান ২০ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল।

চিঠিটির বিশ্বাসযোগ্যতা নিয়ে জিজ্ঞাসা করা হলে পুলিশের এক কর্মকর্তা জানান, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যদিও বর্তমান পরিস্থিতিতে চিঠির বিষয়টি হাল্কাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। ছাত্রীদের নিরাপত্তার জন্য বিদ্যালয়ের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

এরআগে ২০০৮ সালের অক্টোবরে গ্যারিসন সিটির তিনটি বিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। ওই হুমকির কারণে কয়েকশ’ শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে যেতে বাধ্য হয়।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা যিনি গোয়েন্দা বিভাগের সঙ্গেও সংশ্লিষ্ট তিনি বলেন, “অতীতে এরকম কোনো হুমকির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার মতো ঘটনা ঘটেনি। যদিও বালকদের কিছু স্কুল টেলিফোনে হুমকি পেয়েছিল।“