মিশরে মুরসি সমর্থকদের ওপর টিয়ারশেল
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থকদের একটি মিছিল প্রতিহত করার জন্য ছররা গুলি ও টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী জানান, দুই মাস আগে ধ্বংস করে দেয়া প্রতিবাদ ক্যাম্পে শনিবার এ ঘটনা ঘটে।
এ সময় সুন্নি মুসলিমদের ঐতিহ্যবাহী শিক্ষাকেন্দ্র আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ছাত্ররা জমায়েত হয় এবং তারা পাশেই অবস্থিত দাঙ্গা পুলিশের স্টেশনে পাথর নিক্ষেপ করে।
পুলিশও তাদের দিকে পাল্টা পাথর ছুঁড়ে মারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রায় তিন হাজার ছাত্র আল-আজহার ক্যাম্পাসের চারধারের রাস্তাগুলো বন্ধ করে দিলে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা গ্রহণ করে।
রাজধানী কায়রোর যে শহরতলীতে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সেই শহরেই রাব্বা আল-আদাউইয়া মসজিদ অবস্থিত।
চলতি বছরের ১৪ অগাস্ট মুরসি সমর্থকদের যে দুইটি প্রতিবাদ ক্যাম্পে নিরাপত্তা বাহিনী হামলা চালিয়েছিল তার একটি এই মসজিদের সামনেই ছিল।
ওই ঘটনায় কয়েকশ’ বিক্ষোভকারী নিহত হয়।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাব্বা স্কয়ার পুরোপুরি সংরক্ষিত এবং এর ভেতর কোনো ধরনের প্রতিবাদ প্রদর্শনের অনুমতি নেই।
অন্য একটি নিরাপত্তা সূত্র জানায়, শনিবার এখান থেকে ১১ জন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে প্রতিবাদে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের এক ছাত্র বলেন, “আমরা চাই মিশরে বৈধ আইন ফিরে আসুক, আমরা চাই প্রেসিডেন্ট মুরসি আবার ফিরে আসুন। আমরা ছাত্ররা হাতে কোনো অস্ত্র তুলে নেইনি। আমরা শুধু তাদের বোঝাতে চেয়েছি তোমরা আমাদের পুলিশ এবং এরপরই তারা আমাদের ওপর আক্রমণ চালায়।“
মিশরের বর্তমান কর্তৃপক্ষ মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে কঠোর হস্তে দমন করে যাচ্ছে।
নির্বাচিত হয়ে সরকার গঠনের এক বছরের মাথায় জুলাইয়ে মুরসির বিরুদ্ধে রাস্তায় নেমে ব্যাপক প্রতিরোধ শুরু করে দেশটির জনগণ।
পরবর্তী সময়ে সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করে এবং দেশটির একটি আদালত মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করে।
বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশটির শাসনভার গ্রহণ করেছে। সেই সঙ্গে দেশে উত্তেজনা সৃষ্টি এবং নৃশংসতায় অংশ নেয়ার অভিযোগে মুরসিসহ ব্রাদারহুডের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমান সরকার ব্রাদারহুডকে ‘সন্ত্রাসীদের দল’ হিসেবে বর্ণনা করেছে এবং এদের কার্যক্রমের সঙ্গে বিশৃঙ্খল সিনাই উপদ্বীপে আল-কায়েদা সংশ্লিষ্ট দলের কার্যক্রমের কোনো পার্থক্য নেই বলে জানিয়েছে।
যদিও ব্রাডারহুডের দাবি তাদের কার্যক্রম শান্তিপূর্ণ।
