২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুক্সেমবার্গের নির্বাচনে ক্ষমতাসীনদেরই বেশি আসন

লুক্সেমবার্গের জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী জেন-ক্লাউড জাঙ্কেরের দল দ্য সেন্ট্রাল-রাইট খ্রিস্টিয়ান সোস্যাল পার্টি (সিএসভি) আগের বারের চেয়ে কয়েকটি আসন কম পেলেও তার দলই শেষ পর্যন্ত সংসদের সবচেয়ে বেশি আসন পেয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Oct 2013, 03:04 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

রোববার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান জোট সরকারের অংশীদার ছোট একটি দল সিএসভি’র ওপর থেকে তাদের সমর্থন তুলে নিলে নির্ধারিত সময়ের সাত মাস আগেই এই নির্বাচন দিতে হয়।

রোববার বিকালে দলীয় সম্মেলনের পর জাঙ্কের সাংবাদিকদের বলেন, “আমাদের দল এবং আমাদের পরবর্তী দুই দলের মধ্যে পার্থক্য অনেক। তাই আমার মনে হয় আমরাই আগামী সরকার গঠনের দায়িত্ব পাব।“

সংদসের ৬০টি আসনের মধ্যে জাঙ্কের দল সিএসভি পেয়েছে ২৩টি আসন। ২০০৯ সালের সর্বশেষ নির্বাচনে তারা আরো তিনটি আসন বেশি পেয়েছিল।

রোববারের নির্বাচনে সবচেয়ে লাভ হয়েছে দ্য ডেমক্রেট পার্টির (ডিপি)। তারা ২০০৯ সালের নির্বাচনের তুলনায় এবার চারটি আসন বেশি পেয়েছে। দ্য সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টিও (এলএসএপি) তাদের মতো ১৩টি আসন পেয়েছে।

রাজধানী লুক্সেমবার্গ সিটির মেয়র এবং ডিপি দলের জ্যেষ্ঠ নেতা হ্যাভিয়ের ব্যাটেল স্থানীয় একটি বেতারকে বলেন, “আজকের উপসংহার হচ্ছে আজ রাতে প্রধান দলগুলোর একটি বড় জয় পেয়েছে। আর সেই দলটি হচ্ছে দ্য ডেমক্রেট পার্টি।“

সংসদে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের প্রধান হিসাবে জাঙ্কেরকে সরকার গঠনের জন্য এখন দায়িত্ব দেবেন গ্র্যান্ড ডিউক হেনরি।

লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক ফিলিপ পইরিয়ের বলেন, “আমার বিশ্বাস সরকার গঠনের জন্য জাঙ্কের তার জোটের বর্তমান অংশীদার এলএসএপিকে না নিয়ে ডিপিকে বেছে নেবেন।“

তবে জাঙ্কেরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “বিষয়টি নিয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি।“

ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে জাঙ্কেরকে জোট গঠন করতে হবে।