ইরাকে কয়েকদফা আত্মঘাতী হামলায় নিহত ১২
ইরাকজুড়ে বিভিন্ন সরকারি ভবন ও নিরাপত্তা কর্মকর্তাদের ওপর দফায় দফায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্তত ৫ জন বোমা হামলাকারী রোববার বিস্ফোরক ভর্তি গাড়িবোমা হামলা চালানোসহ সমন্বিতভাবে বিভিন্ন স্থানে এ হামলা চালায়।
বাগদাদের ২৬০ কিলোমিটার উত্তরপশ্চিমে রাওয়া শহরে এবং উত্তরাঞ্চলীয় সামারা শহরের ব্যস্ত রাস্তায় বোমা হামলা হয়।
একজন হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি চালিয়ে রাওয়া শহরের প্রধান সড়কের একটি তল্লাশি কেন্দ্রে হামলা চালায়।
আরেকটি বোমা হামলা হয় পুলিশ স্টেশনে এবং আরেকটি হয় মেয়রের বাড়িতে। এতে মেয়র মারাত্মক আহত হন এবং অন্তত ৩ জন নিহত হয়।
আরো দুইজন আত্মঘাতী হামলাকারী পুলিশের পোশাক পরে রাওয়ার স্থানীয় পরিষদের ভবনে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে নিহত হয় আরো তিনজন।
ওদিকে, সামারা শহরে আত্মঘাতী হামলায় ৬ জন নিহত হওয়ার খবর জানায় পুলিশ। হামলার দায় কেউ স্বীকার করেনি।
