তিউনিসীয় বাহিনীর অভিযানে ১০ জঙ্গি নিহত
আলজেরিয়া সীমান্তের কাছে তিউনিসীয় নিরাপত্তা বাহিনীর তিন দিনের এক অভিযানে ১০ ইসলামপন্থী জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে তিউনিসীয় সরকার। নিহত জঙ্গিদের আনসার আল শরিয়ার সদস্য বলে জানিয়েছে তারা।
বৃহস্পতিবার বন্দুকধারীদের হামলায় দুই পুলিশ সদস্য নিহত হওয়ার পর এই অভিযান চালানো হয় বলে শনিবার তিউনিসীয় প্রধানমন্ত্রী আলি লারায়েধ জানিয়েছেন।
তিউনিসিয়ার উত্তরাপূর্বাঞ্চলীয় গাউবেল্লাতের শহরের কাছে দূর্গম পার্বত্য এলাকায় এ অভিযান চালানো হয়।
নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতরা উত্তর আফ্রিকার ইসলামি জঙ্গি গোষ্ঠি আনসার আল-শরিয়ার সদস্য বলে দাবী করেছেন প্রধানমন্ত্রী লারায়েধ।
তিনি বলেন, “পাহাড়ী অঞ্চলে তিনদিন ব্যাপি অভিযানে আমাদের বাহিনী আনসার আল-শরিয়ার বন্দুকধারী দলের ১০ জনকে হত্যা করেছে।“
এ অভিযানে আরো তিন জঙ্গিকে আটক করা হয়েছে এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
দুইমাস আগে আনসার আল-শরিয়াকে সন্ত্রাসীদের সংগঠন হিসেবে ঘোষণা করে লারায়েধা সরকার এবং এই গোষ্ঠিটির বিরুদ্ধে বিরোধী দলের ধর্মনিরপেক্ষ দুই নেতাকে হত্যা করার অভিযোগ আনে।
