কাবুলে ফের তালেবান হামলা, নিহত ২
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি একটি গাড়িবহরের ওপর গুলিবর্ষণ ও আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে আফগান তালেবান।
এই হামলায় দুজন আফগান বেসামরিক নাগরিক নিহত ও শিশুসহ চারজন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল পাঁচটার দিকে কাবুলের গ্রিন ভিলেজের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলাটি শুরু হয়। বিস্ফোরণের শব্দে আফগান রাজধানী প্রকম্পিত হয়।
জুলাইয়ের পর থেকে এটিই কাবুলে চালানো তালেবানের প্রথম বড় ধরনের হামলা। কয়েক সপ্তাহ আগে এক অভিযানে যুক্তরাষ্ট্র বাহিনী পাকিস্তান তালেবানের জ্যেষ্ঠ কমান্ডার লতিফ মেহসুদকে আটক করার পর এ হামলা চালানো হল।
মেহসুদের আটকের ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠেছে তালেবান। আফগান সরকারও এ আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
কাবুলের দক্ষিণের যে এলাকা থেকে মেহসুদকে আটক করেছে মার্কিন বাহিনী, সেই লোগার প্রদেশের গভর্নরকে গত সপ্তাহে খুন করেছে তালেবান। গভর্নর আরসালা জামাল আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
শুক্রবারের হামলার দায়িত্ব স্বীকার করেছে আফগান তালেবান। ট্যুইটারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, “দখলদারী বিদেশি বাহিনীর একটি গাড়ি বহর এবং গুরুত্বপূর্ণ গ্রিন ভিলেজে হামলাটি চালানো হয়েছে।”
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গ্রিন ভিলেজের কাছে একটি বিস্ফোরণের মাধ্যমে হামলাটি শুরু হয়। বিস্ফোরণে বিদেশি বাহিনীর মালিকানাধীন কয়েকটি গাড়ি বিধ্বস্ত হয়।
বিস্ফোরণের পর গুলিবর্ষণ করে জঙ্গিরা গ্রিন ভিলেজে ঢোকার চেষ্টা করলেও তাতে সফল হয়নি তারা।
গ্রিন ভিলেজ আফগানিস্তানে মোতায়েন বিদেশি বাহিনীর সামরিক ঠিকাদার ও বেসামরিক কর্মীদের আবাসিক এলাকা।
