সিরিয়ায় শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা নিহত
সিরিয়ার শীর্ষস্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে বিদ্রোহীরা। দেশটির সংবাদ মাধ্যমগুলো বৃহস্পতিবার এ তথ্য জানায়।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সদ্য সংবাদে জানানো হয়, “দেইর এজ্জরে সিরিয়া ও এর জনগণের নিরাপত্তা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতীয় দায়িত্ব পালনের সময় মেজর জেনারেল জাম্মা জাম্মা শহীদ হয়েছেন।”
জাম্মা ওই অঞ্চলের সামরিক গোয়েন্দাবাহিনীর প্রধান ছিলেন। তবে প্রদেশের কোথায় এবং কীভাবে জাম্মা নিহত হয়েছেন সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অবশ্য জিহাদি ফোরামের পক্ষ থেকে জানানো হয়, দেইর এজ্জর সিটির জিহাদি যোদ্ধাদের সংঙ্গে সংঘর্ষে জাম্মা মারা যান।
১৯৭৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দামেস্কের সামরিক বাহিনী লেবাননে অবস্থানের সময় জাম্মা সিরিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একজন ছিলেন।
জাম্মা নিহত হওয়ার ব্যাপারে সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থার পরিচালক রামি আবদেল রহমান বলেন, “প্রাথমিক প্রতিবেদন দেখে মনে হচ্ছে দেইর এজ্জর সিটির রাশদিয়া জেলায় একজন গুপ্তঘাতক জাম্মাকে গুলি করে হত্যা করেছে।“
তবে এব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি তিনি।
পূর্বাঞ্চলের এই প্রদেশটির কয়েকটি অংশে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে মাঝেমাঝেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
