২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাশিয়ায় গোপন নথি নিয়ে যাননি স্নোডেন’

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) থেকে নেয়া গোপন নথিগুলোর কোনটি নিজের সঙ্গে রাশিয়ায় নিয়ে যাননি বলে দাবি করেছেন এনএসএ’র সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Oct 2013, 01:21 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

স্নোডেনের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

আড়ি পাতা বিষয়ক এনএসএ’র গোপন গোয়েন্দা কার্যক্রম ফাঁস করে দিয়ে সাবেক গোয়েন্দা স্নোডেন যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েছেন। রাজনৈতিক আশ্রয়ে বর্তমানে তিনি রাশিয়ায় আছেন।

মস্কো আসার আগে সব নথি তিনি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেছেন বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন। হংকংয়ে থাকাকালে ওই সাংবাদিকদের সঙ্গে তার দেখা হয়েছিল। সেসব নথির কোনো কপি তিনি নিজের কাছে রাখেননি বলে জানিয়েছেন স্নোডেন।

“জনস্বার্থের কাজে লাগবে না,” এমন বিবেচনার ভিত্তিতেই তিনি ওই নথিগুলো রাশিয়া নিয়ে যাননি বলে দাবি করেছেন।

এনএসএ’র হাওয়াই দপ্তরে চুক্তিভিত্তিক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতেন স্নোডেন। এনএসএ’র মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেটে আড়ি পেতে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহের গোপন সরকারি পরিকল্পনা ফাঁস করে দেন তিনি।

যুক্তরাষ্ট্র সরকারের গোপন এ কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ও বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রেই কূটনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে বিব্রত যুক্তরাষ্ট্র সরকার।

তবে গোয়েন্দার সংস্থার কার্যক্রমের প্রতি অঙ্গীকারাবদ্ধ থাকার শপথ নিয়ে তা না রাখায় যুক্তরাষ্ট্রের কেউ কেউ তার সমালোচনাও করেন। তারা বিশেষভাবে উদ্বিগ্ন হয়ে ওঠেন স্নোডেনের সঙ্গে থাকা যুক্তরাষ্ট্রের গোপন নথিগুলো নিয়ে।

এই নথিগুলো নিয়ে তিনি প্রথমে চীনের হংকংয়ে পালিয়ে যান ও পরে সেখান থেকে রাশিয়া চলে যান। রাশিয়ায় এক বছরের জন্য রাজনৈতিক আশ্রয় পান তিনি।

কিন্তু নিজ রাষ্ট্রেয় বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার অভিযোগ এনে তার বিচার করতে চাইছে যুক্তরাষ্ট্র। এ জন্য যে কোনোভাবে স্নোডেনকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চায় দেশটির কর্তৃপক্ষ।

তবে রাশিয়ায় নিজের সঙ্গে কোনো গোপন নথি নিয়ে যাননি বলে দাবি করলেন যুক্তরাষ্ট্রের পলাতক এই গোয়েন্দা। তার দাবি, নিজ দেশ ও বিশ্বের নাগরিকদের সচেতন করতেই তিনি যুক্তরাষ্ট্র সরকারের গোপন কার্যক্রম ফাঁস করেছেন।

স্নোডেনের দাবির বিষয়ে এনএসএ’র প্রতিক্রিয়া জানার জন্য নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে যোগযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন এনএসএ’র এক মুখপাত্র।