ইরাকে আত্মঘাতী ট্রাকবোমা হামলায় নিহত ১৫
ইরাকের উত্তরাঞ্চলে এক আত্মঘাতী ট্রাকবোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
দেশটির সংখ্যালঘু শাহবাক সম্প্রদায়ের ওপর বৃহস্পতিবার এই হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
তবে কারা এই হামলা চালিয়েছে এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। কিন্তু নাইনভে প্রদেশে সুন্নি বিদ্রোহী জঙ্গিদের কার্যক্রম রয়েছে। এ ছাড়া অতীতে সুন্নিরা শিয়া শাহবাক সম্প্রদায়কে নানা ধরনের হুমকি-ধামকি দিয়েছে।
ইরাকের উত্তরাঞ্চলীয় মাওয়াফাকিয়া গ্রামে এই হামলা চালানো হয়।
“স্থানীয় সময় সকাল ৬টার দিকে আত্মঘাতী জঙ্গি একটি ট্রাক নিয়ে এসে গ্রামের কয়েকটি বাড়ি লক্ষ করে বিস্ফোরণ ঘটায়” বলেন কুসে আব্বাস।
কুসে আব্বাস মসুলের প্রাদেশিক পরিষদে শাহবাক সম্প্রদায়ের সাবেক প্রতিনিধি।
তিনি আরো বলেন, “বিস্ফোরণে বিধ্বস্ত বাড়িগুলোর নিচে এখনো কিছু মানুষ আটকা পড়ে রয়েছেন।”
ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সুন্নিসহ অন্যান্য ইসলামি জঙ্গি এবং আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন গোষ্ঠী হামলা চালিয়ে আসছে।
আল কায়েদার মতাদর্শে শিয়া মুসলিমদের প্রকৃত মুসলমান হিসেবে স্বীকার করা হয় না। তাদের ‘অবিশ্বাসী’ বলে বিবেচনা করা হয়।
চলতি বছরে দেশটিতে ৬ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন সহিংসতায় প্রাণ হারিয়েছেন।
