ছদ্মবেশী আফগান সেনার হামলায় মার্কিন সেনা নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলে আফগান সেনার ছদ্মবেশে এক ব্যক্তি মার্কিন সেনাদের ওপর হামলা চালালে কমপক্ষে এক সেনা নিহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তারাসহ নেটো বাহিনী একথা জানিয়েছে।
এক মাসেরও কম সময়ের মধ্যে এই চতুর্থবারের মতো বিদেশি সেনাদের ওপর ছদ্মবেশী আফগান সেনা হামলার ঘটনা ঘটল।
এসব হামলায় বিদেশি সেনা ও তাদের স্থানীয় মিত্রদের মধ্যে ইতোমধ্যেই উত্তেজনা সৃষ্টি করেছে। এর মধ্যে নতুন করে এমন আরো হামলায় উত্তেজনা বাড়ছে। বিশেষ করে আগামী বছর দেশটি থেকে বিদেশি সেনা সরিয়ে নেওয়ার এ আসন্ন সময়ে।
রোবারের হামলার ঘটনাটি নিয়ে এ বছর ১০ টি ছদ্মবেশী আফগান সেনা হামলার ঘটনা ঘটল। এতে করে এ বছর বিদেশি সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।
এক আফগান কর্মকর্তা বলেন, “শারানা শহরে (প্রাদেশিক রাজধানী) গভর্নরের কার্যালয়ের পাশে মার্কিন সেনাদের ওপর আফগান সেনার ছদ্মবেশী এক ব্যক্তি হামলা চালায়। এতে অন্তত দুজন সেনা গুলিবিদ্ধ হয়েছে।”
