২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবেন না’

বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের বৈঠককে সামনে রেখে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল না করার জন্য যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেননিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিতর্কিত নিউক্লিয়ার প্রকল্পকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Oct 2013, 01:26 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শনিবার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দকে ফোন করে নেতানিয়াহু এ আহ্বান জানিয়েছেন।

নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে ইরান নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলতে পারে বলে ওই বিশ্বনেতাদের কাছে আশঙ্কা প্রকাশ করে নিজের উদ্বেগ তুলে ধরেছেন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেছেন, “সামরিক উদ্দেশ্যে নিযোজিত নি্উক্লিয়ার প্রকল্প বাতিল না করা পর্যন্ত নিষেধাজ্ঞা শিথিল করা যাবে না। একমাত্র এই চাপই ইরানকে এ পর্যায়ে এনেছে, তাই চাপ বজায় রেখে একে আরো শক্তিশালী করার মাধ্যমে তাদের নিউক্লিয়ার প্রকল্প বাতিল করার পর্যায়ে নেয়া যেতে পারে,” বলেন নেতানিয়াহু।

১৫-১৬ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিশ্বের ক্ষতাধর ছয়টি দেশের সঙ্গে বিতর্কিত নিউক্লিয়ার প্রকল্প নিয়ে ইরানের আলোচনায় বসার কথা রয়েছে। গত এক দশক ধরে নিউক্লিয়ার প্রকল্প নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে চলা বিতর্কের সমাধান চাচ্ছে ইরান।

গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করেন। ওবামার কাছেও ইরানের নিষেধাজ্ঞা শিথিল না করে আরো বৃদ্ধি করার আর্জি জানান নেতানিয়াহু। এ বিষয়ে ওবামার কাছে একই যুক্তি তুলে ধরেছিলেন তিনি।


নিউক্লিয়ার প্রকল্প সামরিক উদ্দেশ্যে কাজ করছে পশ্চিমা দেশগুলো ও ইসরায়েলের এমন অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে ইরান। সম্পূর্ণ বেসামরিক ও বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসার মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে তাদের নিউক্লিয়ার প্রকল্প নিয়োজিত বলে দাবী করে আসছে দেশটি।
জুনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং তাদের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে কাজ করে যাচ্ছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি।