১০ ফুট জলোচ্ছ্বাস নিয়ে পাইলিনের আঘাত, নিহত ৫
ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগের ঝড়ো হাওয়া নিয়ে ভারতের উড়িষ্যার উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় পাইলিন।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত সোয়া ৯টার দিকে উড়িষ্যার গোপালপুরের উপকূলীয় এলাকা অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড়টি। এই উপকূল পার হতে এর এক ঘণ্টার মতো সময় লাগবে।
আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক এলএস রাঠোরের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ঘণ্টায় ২০০ কিলোমিটারের মতো ঝড়ো হাওয়ার সঙ্গে তিন থেকে সাড়ে তিন মিটার (১০ ফুট) জলোচ্ছ্বাস নিয়ে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ে। পরবর্তী ছয় ঘণ্টা এটি ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ের মতো আচরণ করবে।
ঘূর্ণিঝড়টি উড়িষ্যার উপর দিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে।
পুরো উড়িষ্যার পাশাপাশি অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায়ও ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে বলে এনডিটিভি জানিয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানার আগেই এর প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে উড়িষ্যায় পাঁচ জনের মৃত্যু হয় বলে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়। এদের মধ্যে গাছের নিচে চাপা পড়ে চারজন এবং মাটির ঘর ধসে এক জন মারা যায়।
ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ১৪ বছরের মধ্যে এটাই ভারতে সবচেয়ে শক্তিশালী ঝড়ের আঘাত।
এর আগে ১৯৯৯ সালের অক্টোবরে উড়িষ্যায় তাণ্ডব চালিয়ে যায় একটি সুপার সাইক্লোন, যাতে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু হয়।
