২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাৎসী যুদ্ধাপরাধীর মৃতদেহ গ্রহণে আর্জেন্টিনার অসম্মতি

যুদ্ধাপরাধের দায়ে শাস্তি পাওয়া নাৎসি যুদ্ধাপরাধী এরিক প্রিবেকের মৃতদেহ গ্রহণ করতে রাজি হয়নি আর্জেন্টিনা। ইতালিতে শুক্রবার ১০০ বছর বয়সে মারা যান তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 04:16 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রিবেক আর্জেন্টিনায় পালিয়ে যান এবং ১৯৯৪ সালে তার পরিচয় জানাজানি হয়ে যাওয়ার আগ পর্যন্ত বারিলচে প্রদেশের অ্যানদিয়ান রিসোর্টে প্রায় ৪০ বছর তিনি বসবাস করেন বলে বিবিসি জানায়।

পরিচয় প্রকাশের পর প্রিবেককে ইতালির কাছে হস্তান্তর করা হয় এবং সেখানে তিনি যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি ভোগ করছিলেন।

ইতালির একজন কর্মকর্তা জানিয়েছিলেন, প্রিবেকের মৃতদেহ আর্জেন্টিনায় তার স্ত্রীর কবরের পাশে কবর দেয়া হবে।

কিন্তু আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী হেক্টর টিমারম্যানের কার্যালয় থেকে এক টুইটার বার্তায় জানানো হয়, সেটা হচ্ছে না।

“নাৎসি যুদ্ধাপরাধী এরিক প্রিবেকের মৃতদেহ আমাদের দেশে ফিরিয়ে আনা হবে না বলে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হেক্টর টিমারম্যান। আর্জেন্টিনা এ ধরনের অসম্মানজনক কিছু মানবিক মর্যাদায় গ্রহণ করবে না।“

সাবেক এসএস ক্যাপ্টেন প্রিবেক ১৯৪৪ সালের মার্চে রোমের আর্দেয়াতিন গুহায় ধ্বংসলীলা চালানোর হুকুম দেয়ার অপরাধে দোষী সাব্যস্ত হন।

রক্তের বন্যা বয়ে যাওয়া ওই গুহায় পরবর্তী সময়ে ৩৩৫ জনের মৃতদেহ পাওয়া যায়। যাদের মধ্যে ৭৫ জন ইহুদি ছিলেন। এ অপরাধের জন্য প্রিবেক কখনো কোনো ধরনের অনুতাপ করেননি।

১৯৯৮ সালে প্রিবেককে আজীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়। কিন্তু তার বয়স এবং খারাপ স্বাস্থ্য বিবেচনা করে রাজধানীর একটি গৃহে তাকে বন্দী করে রাখা হয়।

ল্যাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনাতেই সবচেয়ে বেশি ইহুদি সম্প্রদায়ের লোকের বাস।