সিসিলির কাছে নৌকাডুবি, বহু নিহত
সিসিলি এবং তিউনিসিয়ার মাঝামাঝি আন্তর্জাতিক জল সীমানায় নৌকাডুবিতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।
নৌকাটিতে আড়াইশ’র বেশি আশ্রয়প্রার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
চলতিমাসে এ অঞ্চলে এটি বড় ধরনের নৌকাডুবির দ্বিতীয় ঘটনা।
ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানায়, লামপেদুসা দ্বীপের ৬০ মাইল দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়।
মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট রাজধানী ভ্যালিতাতে এক সংবাদ সম্মেলনে বলেন, “এখন পর্যন্ত অন্ততপক্ষে ২৭ জনের মৃত্যুর খবর পেয়েছি। এই সংখ্যা আরো বাড়বে বলেই ধারণা করা হচ্ছে এবং সেটা বহুগুণ বাড়ার সম্ভাবনা আছে।“
মাল্টার নৌবাহিনী জানিয়েছে, তাদের একটি জাহাজ ১৫০ জনকে উদ্ধার করেছে। এদিকে ইতালির নৌবাহিনীর একটি ছোট জাহাজ আরো ৫৬ জনকে উদ্ধার করেছে।
গুরুতর আহতদের হেলিকপ্টারে করে লামপেদুসার নিয়ে যাওয়া হচ্ছে। যদিও দুর্ঘটনাস্থল আন্তর্জাতিক জলসীমানা। তবে মাল্টা কর্তৃপক্ষ উদ্ধার অভিযানের তদারক করছে।
এর আগে ৩ অক্টোবর লামপেদুসার কাছে ৩৩৯ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই নৌকাটিতে ইরিত্রিয়ান এবং সোমালিয়ার নাগরিকরা ছিলেন।
মাস্কাট আরো বলেন, “এটা ইউরোপের জন্য শুধুমাত্র আরেকটি সতর্ক বার্তা নয় বরং এটা ব্যবস্থা নেয়ার সময়। এটা শুধুমাত্র ইতালি বা মাল্টার সমস্যা নয়। এটা পুরো ইউরোপের সমস্যা।“
এই ধরনের দুর্ঘটনা নিয়ে তিনি ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তার সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার জানান, এ বছর শুধু ইতালির দক্ষিণাঞ্চল এবং মাল্টায় ৩২ হাজার উদ্বাস্তু এসেছেন। যাদের দুই-তৃতীয়াংশ আশ্রয়ের জন্য আবেদন করেছেন।
এসব উদ্বাস্তুদের বেশিরভাগই আফ্রিকার সাহারা অঞ্চলের অধিবাসী। তবে সিরিয়ায় গৃহযুদ্ধ, মিশরের রাজনৈতিক অস্থিরতা এবং উত্তর আফ্রিকার অন্যান্য অঞ্চল থেকে এ বছর বেশি মানুষ আশ্রয়ের আশায় সমুদ্রে ভাসছে।
