লিবিয়ায় সুইডিশ কনস্যুলেটে গাড়িবোমা হামলা
লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে সুইডিশ কনস্যুলেটের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে ভবনটির সামনের অংশসহ কাছের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
লিবিয়ার সাবেক বিদ্রোহীরা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আলি জেইদানকে অপহরণ করে পরে মুক্তি দেয়ার পর এ বোমা বিস্ফোরণ ঘটল।
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রণালয় এ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি। হামলার দায়ও কেউ স্বীকার করেনি।
যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী লিবিয়ায় কমোন্ডো অভিযান চালিয়ে সন্দেহভাজন আল কায়েদা নেতা লিবিকে আটক করার কয়েকদিনের মধ্যে বেনগাজিতে এ হামলা হল।
লিবি আটকের বদলা নিতে লিবিয়ায় মার্কিন নাগরিকদের অপহরণ করাসহ পশ্চিমা বিভিন্ন লক্ষ্যস্থলে হামলা চালানোর হুমকি দিয়েছিল জঙ্গিরা।
